বিদ্যালয়ে পড়া না পারায় শাস্তি!
চতুর্থ শ্রেণীর ছাত্রী তৃষ্ণা ধর। বিজ্ঞান বিষয়ের ক্লাসে তাকে পড়া জিজ্ঞেস করলেন শ্রেণীশিক্ষক মুনিরা ইয়াছমিন। কিন্তু তৃষ্ণা জবাব দিতে পারল না। এতেই প্রচণ্ড রেগে গেলেন শিক্ষক। তিনি স্কেল দিয়ে তৃষ্ণাকে দুই ঘা বসিয়ে দিলেন। এতে তার বাঁ হাতের কনুই পর্যন্ত বিভিন্ন অংশ ফুলে ওঠে। ডান হাতের আঙুলেও ক্ষতের সৃষ্টি হয়। ব্যথায় কাতরাতে থাকে সে। বাসায় গিয়ে পুরো ঘটনা জানায় তার অভিভাবককে। ১৮ জুন চট্টগ্রামের পতেঙ্গা নাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অমানবিক ঘটনাটি ঘটে। এ বিষয়ে তৃষ্ণার মা রুনু ধর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনিরা ইয়াছমিনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় অভিযোগ করেন।১৯ জুন ঘটনা তদন্ত করেন বন্দর থানার সহকারী শিক্ষা কর্মকর্তা বিশু দে। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘মুনিরা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’অভিযোগ রয়েছে, মুনিরা ইয়াছমিন এর আগেও ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থীকে সামান্য কারণে মারধর করেন। এ ব্যাপারে তাঁকে একাধিকবার সতর্ক করা হলেও কোনো লাভ হয়নি। জানা যায়, অভিযোগ পাওয়ার পর পতেঙ্গা থানা থেকে অভিযুক্ত শিক্ষককে ডেকে পাঠানো হয়। পরে তাঁর কাছ থেকে এ বিষয়ে মুচলেকা আদায় করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম গতকাল মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে বলা হয়, থানা কর্তৃপক্ষ তাঁর কাছ থেকে মুচলেকা আদায় করায় মুনিরা ইয়াছমিন খেপে যান এবং তাঁকে হুমকি দিচ্ছেন।প্রধান শিক্ষক খালেদা বেগম বলেন, ‘আমি সেদিন স্কুলের মিটিংয়ে ছিলাম। সন্ধ্যায় থানা থেকে বিষয়টি জানানো হয়। আমি সহকারী শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি।’ এর আগেও এ ধরনের আরও কয়েকটি ঘটনার ব্যাপারে মুনিরা ইয়াছমিনকে সতর্ক করা হয় বলেও জানান তিনি। তৃষ্ণার মা ও প্রধান শিক্ষকের কাছ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, সবকিছু মীমাংসা হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই।অভিযোগ সম্পর্কে জানতে গতকাল বিকেলে মুনিরা ইয়াছমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।