বিদ্যালয়ে ফিরলেন সেই চার শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা পল্লি একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই চার শিক্ষক গতকাল সোমবার প্রশাসনের পাহারায় কর্মস্থলে ফিরেছেন। বেতনের টাকা জমা না দেওয়ায় প্রায় দুই মাস আগে তাঁদের কর্মস্থলছাড়া করেছিলেন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি।

গতকাল দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন বিদ্যালয়টির প্রধান ফটকের তালা ভেঙে ওই চার শিক্ষককে ভেতরে নিয়ে যান। পরে অফিসরুমের তালা ভেঙে দাপ্তরিক কার্যক্রম চালু করেন। পরে ওই চার শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করেন।

ওই চারজন হলেন প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম, সহকারী শিক্ষক আসাদ মিয়া, আতাউর রহমান ও সাবিনা আক্তার। তাঁদের মধ্যে সাবিনা ছাড়া বাকি তিনজনকে এখতিয়ারবহির্ভূতভাবে বহিষ্কারও করেছিলেন বিদ্যালয়টির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ। তিনি বিদ্যালয়টির জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, সভাপতি সরকারি বিধিবিধানের প্রতি অবজ্ঞা দেখিয়ে স্কুলটিকে অচল করে রেখেছিলেন। ওই তিন শিক্ষকের বহিষ্কারও বৈধ ছিল না।

ইউপি চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ বলেন, ঘটনাটি নিয়ে তিনিও বিব্রত ছিলেন। এখন স্কুলের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ব্যাপারে তাঁর চেষ্টা থাকবে।

ভুক্তভোগী শিক্ষক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৬৭, শিক্ষক চারজন। ২০১৩ সালে এটি জাতীয়করণ হয়। তার আগে পরিচালনা কমিটির মাধ্যমে শিক্ষকদের বেতন দেওয়া হতো। প্রধান শিক্ষকের বেতন ছিল ৪ হাজার ৭০০ টাকা। আর সহকারী শিক্ষকেরা পেতেন ৪ হাজার ২০০ টাকা করে। ২০১৩ সালে জাতীয়করণ হলেও শিক্ষকদের সরকারি বেতন নিয়মিত হয় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে। এর আগে তাঁরা বকেয়া বেতন হিসেবে ৮ লাখ ৫৭ হাজার টাকা পান। আক্তারুজ্জামান চার শিক্ষককে ওই টাকা স্কুলের হিসাবে জমা দিতে বলেন। বাধ্য হয়ে তাঁরা গত ২৩ ফেব্রুয়ারি ওই টাকা ন্যাশনাল ব্যাংকের গচিহাটা শাখায় যৌথ হিসাবে জমা দেন। হিসাবটি প্রধান শিক্ষক ও সভাপতির যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়। পরে ওই টাকা ব্যাংক থেকে তুলে সভাপতির হাতে তুলে দিতে বাধ্য হন প্রধান শিক্ষক।এরপর সভাপতি প্রতি মাসেই শিক্ষকদের বেতনের টাকা তুলে যৌথ হিসাবে জমা দিতে বলেন। গত এপ্রিলে ওই চার শিক্ষক এতে রাজি না হলে ঝামেলা বাধে। এর জের ধরে শৃঙ্খলা ভঙ্গের কারণ উল্লেখ করে সভাপতি তিনজনকে বহিষ্কার করেন। অন্যজনও প্রস্তাবে রাজি না হওয়ায় চারজনকেই বিদ্যালয়ে ঢুকতে বাধা দেন সভাপতি। গত ঈদের ছুটির পর বিদ্যালয়ে ঢুকতে গেলে নৈশপ্রহরী ও দারোয়ান দিয়ে তাঁদের তাড়িয়ে দেওয়া হয়। এরপর একই ক্যাম্পাসে অবস্থিত গচিহাটা উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে প্রাথমিকের পাঠদান চলছিল।

ওই ঘটনা নিয়ে ২১ জুলাই প্রথম আলোর শেষের পাতায় ‘সভাপতির আবদার না মানায়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর গতকাল চার শিক্ষককে বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিনের নেতৃত্বে শিক্ষা অফিসের কর্মকর্তারা গতকাল একদল পুলিশ নিয়ে বিদ্যালয়ে আসেন। তাঁরা গিয়ে প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান। কর্মকর্তারা ফটকের তালা ভাঙেন। ভেতরে গিয়ে অফিসরুমও তালাবদ্ধ দেখেন। সেটিও ভাঙা হয়। একই ক্যাম্পাসে অবস্থিত গচিহাটা উচ্চবিদ্যালয়ের ভবনে প্রাথমিক শাখার শিক্ষার্থীদের ক্লাস চলছিল। ক্যাম্পাসে প্রাথমিকের চারটি কক্ষও খোলা ছিল। কর্মকর্তারা সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডেকে নেন। পরে ওই চার শিক্ষক চারটি কক্ষে পাঠদান শুরু করেন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাইজ উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা রতন কুমার সেন ও মাহমুদুল হাসান এবং স্থানীয় ধুলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন বলেন, এরপর যদি কেউ সরকারি বিধিবিধান লঙ্ঘন করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চান, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কয়েকজন অভিভাবক বলেন, দুই মাস পর শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের পেয়ে আনন্দ প্রকাশ করেছে। অনেকে দলবেঁধে শিক্ষকদের সালাম করেছে।

প্রধান শিক্ষক শামসুন্নাহার বলেন, ‘আমরা সভাপতির অনুগত হয়ে থাকার চেষ্টা করেছি। কিন্তু সরকার থেকে পাওয়া বেতন সভাপতির কাছে দিয়ে দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছিলাম না। আর এ কারণে আমরা এত দিন স্কুলছাড়া ছিলাম। এখন বাড়তি পরিশ্রম করে শিক্ষার্থীদের ক্ষতিপূরণের চেষ্টা করব।’

জেলা প্রশাসক আজিম উদ্দীন বিশ্বাস বলেন, এরপর এ ধরনের ঘটনা ঘটলে আর কাউকে ছাড় দেওয়া হবে না।