বিদ্যালয়ে বখাটেদের উৎপাত
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিঁড়া গ্রামের উত্তর কাকচিঁড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা কয়েকজন বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে চার বখাটের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযুক্ত চার বখাটে হলো—গুদিঘাটা গ্রামের রুম্মান, দক্ষিণ কাকচিঁড়া গ্রামের সোহেল মিয়া, একই গ্রামের উজ্জ্বল লস্কর ও অশোক মালি।বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, এই চারজন সংঘবদ্ধ হয়ে ছাত্রীদের দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। এতে বিদ্যালয়ের ছাত্রীরা তাদের মানসম্মান রক্ষা করে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারছে না। বখাটেদের উত্ত্যক্তের শিকার সপ্তম শ্রেণীর এক ছাত্রীর ভাই মো. মনির হোসেন অভিযোগ করেন, ১৫ অক্টোবর বিদ্যালয়ের ক্লাস শেষে তাঁর বোনসহ তিন সহপাঠী বিদ্যালয় থেকে এক কিলোমিটার দূরে অপর এক সহপাঠীর বাড়িতে যায়। সেখান থেকে ফেরার পথে ওত পেতে থাকা ওই চারজন ছাত্রীদের তাড়া করে। ভীত সন্ত্রস্ত ছাত্রীরা গ্রামের রশিদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে বখাটেরা উপস্থিত হলে ওই তিন ছাত্রী বাড়ির পেছন থেকে দৌড়ে গ্রাম্য বাজারে পৌঁছালে স্থানীয় দুই যুবক নিরু ও হুমায়ূন মিলে ছাত্রীদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, অভিযুক্ত ওই চার বখাটের উত্ত্যক্তের শিকার হয়ে এর আগেও এক ছাত্রী বিদ্যালয় ছেড়ে বরগুনা শহরের একটি বিদ্যালয়ে পড়াশোনা করছে। অপর এক ছাত্রী বখাটেদের অব্যাহত উত্ত্যক্তের শিকার হয়ে শেষ পর্যন্ত পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আরেক ছাত্রী বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে বিদ্যালয়ে আসা বন্ধ করলে বিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার আশ্বাস দিয়ে পুরনায় বিদ্যালয়ে ফিরিয়ে আনে। এরপর কিছুদিন বখাটেরা নির্বৃত্ত থাকলেও সম্প্রতি আবার তাদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় ছাত্রী ও অভিভাবকেরা উৎকণ্ঠার মধ্যে আছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. পান্না মিয়া বখাটেদের উৎপাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন ছাত্রী উত্ত্যক্তের শিকার হওয়ার পর তাদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় জিডি করা হয়েছে। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আযম খান ফারুকী বলেন, বখাটেদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের জিডির বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।