বিদ্যালয়ে বন্যার পানি বাগানে পরীক্ষা
প্রতিদিনই অবনতি হচ্ছে ফরিদপুরের বন্যা পরিস্থিতির। বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নিমজ্জিত হয়েছে। কিন্তু এর মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নেওয়া হচ্ছে ষাণ্মাসিক পরীক্ষা।ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা এলাকার খলিলুর রহমানের বাড়ির বাগানে নেওয়া হচ্ছে পরীক্ষা। বাগানে সারি সারি করে বেঞ্চ পাতা হয়েছে। সেখানে একসঙ্গে সব শ্রেণীর পরীক্ষা নেওয়া হচ্ছে। এরা সবাই পূর্ব চর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল ওয়াহাব জানান, বন্যার পানিতে স্কুলঘর ডুবে গেছে। ৯ আগস্ট শেষ হবে পরীক্ষা। সব স্কুলেই একসঙ্গে পরীক্ষা হচ্ছে বলে এভাবে বিকল্প পথ বেছে নেওয়া হয়েছে।ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী সাদিয়া বলে, ‘নৌকায় করে পরীক্ষা দিতে আসছি। বাড়িতেও পানি।’ চতুর্থ শ্রেণীর ফাহিম শেখ ও আবির হোসেন জানায়, পরীক্ষা দিতে মন বসে না। বাড়িতেও পড়াশোনা হয় না। তবুও স্যাররা পরীক্ষা নিচ্ছেন।এই উপজেলার গদাধরডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় ডুবে যাওয়ায় ফরিদপুর-চরভদ্রাসন সড়কের পূর্ব পাশে শহীদুল ইসলামের বাড়ির বারান্দায় পাটিতে বসিয়ে পরীক্ষার কাজ চালানো হচ্ছে। প্রধান শিক্ষিকা ফেরদৌসী খানম বলেন, ‘পাঁচ দিন আগে স্কুলে পানি ঢুকেছে। সেখানে পরীক্ষা নেওয়ার উপায় নেই। তাই এই বাড়ির বারান্দায় এসেছি। দাঁত চেপে পরীক্ষার দিনগুলো পার করে দিতে পারলেই বাঁচি।’ফরিদপুর সদরের কয়েকটি ইউনিয়নে বন্যার কারণে ডুবে গেছে প্রাথমিক বিদ্যালয়গুলো। এর মধ্যেই সারতে হচ্ছে ষাণ্মাসিক পরীক্ষা। দোতলা ভবনের নিচতলা ডুবে গেলেও দোতলায় পরীক্ষার কাজ চালানো সম্ভব হচ্ছে। কিন্তু একতলা ভবনের স্কুলগুলোর সে সুযোগও নেই। তাই বাধ্য হয়ে পাশের বাড়ির ঘরে কিংবা বাগানের উন্মুক্ত জায়গাতেই নিতে হচ্ছে পরীক্ষা।ফরিদপুর সদরের মতো একই অবস্থা বিরাজ করছে চরভদ্রাসন ইউনিয়নে।চরভদ্রাসনের উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন ফারুক জানান, বন্যায় উপজেলার নয়টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান নিমজ্জিত হয়েছে। এর মধ্যে চর হরিরামপুর ইউনিয়নের সাতটি ও চর ঝাউকান্দা ইউনিয়নের দুটি। তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার পর্যন্ত স্কুলসংলগ্ন বিভিন্ন বাড়িতে আমরা পরীক্ষার কাজ চালিয়ে নিতে পারছি। তবে পানি বাড়লে পরীক্ষা বন্ধ করে দিতে হবে।’সদরপুরের উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, চর নাসিরপুর ইউনিয়নের কাড়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। এর মধ্যেই পরীক্ষার নেওয়া হচ্ছে। তবে স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি খুবই কম। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কিছু শিক্ষার্থীরা এলেও নিচের শ্রেণীর শিক্ষার্থীরা একেবারেই আসছে না।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে প্রথম আলোকে বলেন, ‘সব প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে হওয়ায় কষ্ট করে হলেও আমাদের পরীক্ষা চালিয়ে যেতে হচ্ছে। তবে পানি অতিরিক্ত বেড়ে গেলে দুর্যোগকবলিত স্কুলগুলোর পরীক্ষা বন্ধ করে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না।’