জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফল প্রকাশিত হওয়ায় ময়মনসিংহ শহরের বিভিন্ন বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার ছিল উৎসবের আমেজ। গতকাল এসব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
গতকাল সকাল থেকেই ফলাফল জানার জন্য শিক্ষার্থীরা বিদ্যালয়ে ছুটে আসতে শুরু করে। কাঙ্ক্ষিত ফল পেয়ে অনেকেই আনন্দে মেতে ওঠে। শিক্ষক ও অভিভাবকেরাও শিক্ষার্থীদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন।
ময়মনসিংহ জিলা স্কুলেও বেলা ২টার দিকে একই রকম চিত্র দেখা যায়। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, একই দিনে জেএসসি, পিইসি ও স্কুলের অন্য ক্লাসের ফল প্রকাশ করায় সারা দিন স্কুলে উৎসবের আমেজ ছিল।
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জেএসসিতে অংশ নেয় ৩০০ জন শিক্ষার্থী। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ২৬৩ জন। বিদ্যাময়ীতে পিইসিতে শতভাগ উত্তীর্ণ হয়েছে। পিইসিতে বিদ্যাময়ী স্কুল থেকে ২৮৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৮৫ জনই জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ। পাসের হার শতভাগ।
ময়মনসিংহ জিলা স্কুল থেকে জেএসসিতে ২৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ–৫ পেয়েছে ২৬৫ জন। জিলা স্কুল থেকে পিইসিতেও শতভাগ পাস জিপিএ–৫ পেয়েছে ১৪৫ জন। ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. ইউনুস ফারুকী বলেন, জেএসসি ও পিইসিতে শতভাগ পাস করায় আমরা আনন্দিত।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে জেএসসিতে ২২৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২১৪ জন জিপিএ–৫ পেয়েছে। পাসের হার শতভাগ। প্রগেসিভ মডেল স্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয় ৩২৩ জন। শতভাগ উত্তীর্ণ হওয়া এই স্কুলের ১৬৩ জন পেয়েছে জিপিএ-৫। পিইসিতে প্রগ্রেসিভ মডেল স্কুল থেকে ২০৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১২৩। প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল থেকে জেএসসিতে ৩১৯ জন পরীক্ষার্থী মধ্যে ৩১৮ জনই পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ৯৬। জিপিএ–৫ পেয়েছে ১৮৯ জন। প্রধান শিক্ষক চাঁন মিয়া আক্ষেপ করে বলেন, অসুস্থতার কারণে জেএসসিতে একজন শিক্ষার্থী অংশ নিতে না পারায় শতভাগ পাস হলো না। এই বিদ্যালয় থেকে পিইসিতে অংশ নিয়েছিল ২৬০ জন শিক্ষার্থী। পাসের হার শতভাগ। জিপিএ–৫ পেয়েছে ৭৯ জন।