বিদ্যালয়ে বিদ্যালয়ে নির্বাচনী আমেজ
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সোমবার ময়মনসিংহ, শেরপুর ও সুনামগঞ্জের উচ্চবিদ্যালয়ে বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট বা ছাত্র মন্ত্রীপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত করা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে।
ময়মনসিংহ: ময়মনসিংহের ৬৮টি উচ্চবিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, নির্বাচনের মাধ্যমে প্রত্যেক বিদ্যালয়ে একজন প্রধানমন্ত্রীসহ আট সদস্যের একটি কেবিনেট (মন্ত্রিপরিষদ) গঠিত হবে। প্রধানমন্ত্রী ছাড়া পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখন, স্বাস্থ্য, পানিসম্পদ, ক্রীড়া ও সংস্কৃতি, বৃক্ষরোপণ ও বাগান তৈরি, অভ্যর্থনা ও আপ্যায়ন বিষয়ে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হবে। গতকাল সকালে ময়মনসিংহ নগরের জিলা স্কুল ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, সকাল নয়টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলে বেলা দুইটা পর্যন্ত। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্বেও শিক্ষার্থীরা।
শেরপুর: সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ১ হাজার ২১৩ জন শিক্ষার্থী ভোট দেয়। নির্বাচনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির দিবা ও প্রভাতী শাখার ১৪টি পদের বিপরীতে যথাক্রমে ৪৩ জন ও ২১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় এবং সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুটি বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখায় দুটি কমিটির আটটি করে পদে ভোট গ্রহণ হয়। সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে দুই শাখায় ১ হাজার ৭৮ জন এবং সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের ১ হাজার ২০১ জন শিক্ষার্থী ভোট দেয়।