বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে শ্রীপুর উপজেলার একটি বিদ্যালয়ে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থী ও তার বাবার মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দুজন হলো উপজেলার গাজীপুর গ্রামের সোহেল রানা (৩৫) ও তাঁর ছেলে স্থানীয় গাজীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র মারুফ (৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা গতকাল দুপুরে স্কুলের মাঠে ক্রিকেট খেলছিল। একপর্যায়ে বল স্কুলের টিনের চালে গিয়ে পড়ে। বল কুড়াতে গিয়ে মারুফ চালের ওপর ওঠে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে চালে পড়ে থাকে। খবর পেয়ে ছেলেকে উদ্ধার করতে তার বাবা সোহেল রানাও চালে ওঠেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেঁড়া বৈদ্যুতিক তার বিদ্যালয়ের টিনের সঙ্গে লেগে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও পাশের সাইফুল মিয়ার রাইস মিল থেকে বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ-সংযোগের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে থাকার বিষয়টি তাঁরা আগে থেকে দেখেননি। এ কারণে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার আমিনুর রহমান বলেন, বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে বাবা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।