কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বহিরাগত ব্যক্তিদের বিশৃঙ্খলা সৃষ্টি এবং শিক্ষকদের হুমকি দেওয়ার প্রতিবাদে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় বিদ্যালয় চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফিরোজ আল মামুন, প্রধান শিক্ষক মহররম হোসেনসহ অন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন এলাকার দুই শতাধিক অভিভাবক। পরে সেখানে এক সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যালয়ঘেঁষে গড়ে ওঠা একটি করাতকলের বিকট শব্দে অনেক দিন ধরে ছাত্রছাত্রীদের পাঠদান ব্যাহত হচ্ছিল। গত ৩১ অক্টোবর জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শন বইতে উল্লেখ করেন, বিদ্যালয়সংলগ্ন করাতকলের উচ্চ শব্দে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। করাতকলটি দূরে স্থানান্তর করা প্রয়োজন। এরপর প্রশাসন করাতকলটি বন্ধ করে দেয়।
এ ঘটনার পর স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি বহিরাগত লোকজন নিয়ে গত বুধবার বেলা ১১টার দিকে স্কুলে গিয়ে শিক্ষকদের গালমন্দ করেন। তাঁদের বিশৃঙ্খলতার কারণে সে সময় অনুষ্ঠিত তিনটি শ্রেণির বার্ষিক পরীক্ষা ব্যাহত হয়। বহিরাগত ব্যক্তিরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের অশ্লীল ভাষায় গালমন্দ ও হুমকি দেন। এতে করে পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনার পর দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বহিরাগত ব্যক্তিরা চলে যান।
ফিরোজ আল মামুন বলেন, পাশের গ্রামের একটি স্কুলের প্রধান শিক্ষকের ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে, যাতে এই বিদ্যালয়ে আগামী জানুয়ারিতে কোনো শিক্ষার্থী ভর্তি না হয়। স্বার্থান্বেষী একটি মহল ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম ও ভাবমূর্তি নষ্টে চক্রান্ত করছে।
সমাবেশে বক্তব্য দেন অভিভাবক আক্তার হোসেন, আতিয়ার রহমান, সামসুল আলম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও দুই শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।