বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার উত্তরপত্র জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উত্তরপত্র জালিয়াতির ঘটনায় বিদ্যালয়ের এক কর্মচারী ও এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করে।পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে গত বছরের ভর্তি পরীক্ষার চারটি উত্তরপত্র জালিয়াতির ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হয়ে থাকে। পরে জেলা প্রশাসনের পরামর্শে কারও নামোল্লেখ না করে থানায় একটি মামলা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ। পুলিশ মামলাটি তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। কিন্তু আদালত সেই প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে পাঠান। নতুন করে মামলার তদন্তভার গ্রহণ করেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদুল ইসলাম চৌধুরী। তিনি বুধবার রাতে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী শিবরাজ বাল্মীকি ও শহরের সুলতানপুর এলাকার গৃহশিক্ষক আবুল কালামকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারের পর শিবরাজ বাল্মীকি শিক্ষকদের উপস্থিতিতে পুলিশকে জানিয়েছেন, তাঁরা মামলার চূড়ান্ত প্রতিবেদন দিতে তখনকার তদন্তকারী কর্মকর্তাকে ৫০ হাজার টাকা দিয়েছিলেন।এএসপি তৌহিদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘উত্তরপত্র জালিয়াতির কথা দুজনই স্বীকার করেছেন।’ আগের তদন্তকারী কর্মকর্তার টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমি জানি না।’