বিদ্যালয়ে ভর্তির নিশ্চয়তা দিয়ে প্রাইভেট-বাণিজ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সরকারি বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির নিশ্চয়তা দিয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো হচ্ছে। বিদ্যালয় দুটির কয়েকজন শিক্ষক এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, প্রতি শিক্ষার্থীকে মাসে দুই থেকে তিন হাজার টাকায় প্রাইভেট পড়ানো হচ্ছে। এসব শিক্ষক ভর্তি পরীক্ষায় সম্ভাব্য কী প্রশ্ন আসবে, তা-ও বলে দিচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি নিয়ম উপেক্ষা করে বিদ্যালয় দুটির কয়েকজন শিক্ষক বাড়িতে প্রাইভেট-বাণিজ্য করছেন। ছয় মাস ধরে প্রতি ব্যাচে ৪০ থেকে ৫০ জন করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো হচ্ছে। অভিভাবকেরাও ভর্তির নিশ্চয়তা পেয়ে সন্তানদের তাঁদের কাছে পড়াচ্ছেন।শহরের কালীবাড়িপাড়ার অভিভাবক আবদুল কুদ্দুস অভিযোগ করেন, যেসব শিক্ষক প্রতিবছর ভর্তি পরীক্ষার খাতা মূল্যায়ন করেন, তাঁরাই প্রাইভেট-বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। তাঁদের কাছে প্রাইভেট পড়েছেন—এমন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার খাতায় বিশেষ সাংকেতিক চিহ্ন দেওয়ার পরামর্শ দিচ্ছেন শিক্ষকেরা, যাতে খাতা মূল্যায়নের সময় অধিক নম্বর দিতে পারেন।অভিভাবকেরা অভিযোগ করেন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন, এ কে আজাদ, আতিকুর রহমান, খলিলুর রহমান, রুস্তম আলী ও আবদুর রউফ এবং সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস আলী, মোখলেছুর রহমান, মণীন্দ্র কুমার সরকার, রেজাউল করিম, অজিত কুমার, জাহিদুল হক ও শরিফুল ইসলাম এই প্রাইভেট-বাণিজ্য করছেন।সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক এ কে আজাদ বলেন, ‘অনেক শিক্ষকই প্রাইভেট পড়ান। তাই অভিভাবকদের চাপে আমিও পড়াচ্ছি।’ অন্য শিক্ষকেরা একই কথা বললেন। তবে মণীন্দ্র কুমার সরকার প্রাইভেট পড়ানোর কথা অস্বীকার করেন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রাইভেটে ভর্তি পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর বন্ধুবান্ধবদের জানাতে নিষেধ করা হচ্ছে।শহরের পি কে বিশ্বাস রোডের জিয়াউল হক জানান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মোটা অঙ্কের উৎকোচ দিয়ে শিক্ষকেরা প্রাইভেট-বাণিজ্য চালাচ্ছেন। এতে মেধা যাচাইয়ের কোনো সুযোগ থাকবে না।জিয়াউল হক আরও জানান, দুটি বিদ্যালয়ের শিক্ষকদের পাল্টাপাল্টি করে ভর্তি পরীক্ষার খাতা মূল্যায়ন করালে অনিয়মটা রোধ হবে।সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ উৎকোচ নিয়ে শিক্ষকদের প্রাইভেট পড়ানোর সুযোগ করে দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘প্রাইভেট পড়ানোর বিষয়টি আমি জানি না। তবে অভিযোগ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘ভর্তির জন্য প্রাইভেট পড়ানোর অভিযোগ পেয়েছি। তাই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পঞ্চম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী বিদ্যালয় দুটিতে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষার পদক্ষেপ নেওয়া হয়েছে।’