বিদ্যালয়ে ভর্তির ফল নিয়ে শিক্ষকদের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের বিতণ্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত পঞ্চম ও সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষা বাতিল এবং আজ অনুষ্ঠেয় ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলাফলের বিবরণী তৈরিতে অনিয়ম ও পরিদর্শনে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গত রাত আটটার দিকে জেলা প্রশাসক (ডিসি) মো. সিরাজুল ইসলাম বিদ্যালয় কর্তৃপক্ষকে পরীক্ষা বাতিল ও স্থগিতের আদেশ দেন। তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকেরা পাল্টা ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে অশোভন আচরণ ও তাঁদের নাজেহাল করার অভিযোগ করেছেন। একই সঙ্গে তাঁরা জেলা প্রশাসনের বিরুদ্ধে নিম্নমানের প্রশ্নপত্র তৈরি ও ভর্তিবাণিজ্যের অভিযোগ তুলেছেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর খাতার কোড নম্বর দেওয়া নিয়ে ম্যাজিস্ট্রেটদের সঙ্গে শিক্ষকদের বিরোধ দেখা দেয়। শিক্ষকেরা তাঁদের উপস্থিতিতে কোড নম্বর বসানোর দাবি তোলেন। শুরু হয় দুই পক্ষের বাগিবতণ্ডা। একপর্যায়ে সহকারী প্রধান শিক্ষকের উপস্থিতিতে একটি কক্ষে নম্বরগুলো বসানো হয়। পরে উত্তরপত্র মূল্যায়নের পর ফলাফল বিবরণী তৈরি করে শিক্ষকেরা তা প্রকাশের উদ্যোগ নিলে ম্যাজিস্ট্রেটরা ফল ঘোষণা না করে বিবরণী ও অন্য কাগজপত্র তাঁদের কাছে হস্তান্তর করতে বলেন। এতে শুরু হয় দ্বিতীয় দফা বিতণ্ডা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিলাল সাহা অভিযোগ করে বলেন, ‘আমরা বলেছি ফলাফল বিবরণী তৈরি করে একটি কপি ম্যাজিস্ট্রেটদের নিয়ে যেতে ও একটি আমাদের দিতে। কিন্তু তাঁরা ভর্তিবাণিজ্য করতে ফল ঘোষণা না করে সব কাগজপত্র তাঁদের দিয়ে দিতে বলেন। আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।’ জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম বলেন, নীতিমালা অনুযায়ী, ফলাফল বিবরণী কমিটির সভাপতি হিসেবে তাঁর কাছে হস্তান্তর করার কথা। কিন্তু শিক্ষকেরা তা না করে ফল ঘোষণার আগেই বিবরণী বাইরের লোকদের দিয়ে দেন। ম্যাজিস্ট্রেটরা এর প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে তাঁরা দুর্ব্যবহার করেন। বাধ্য হয়ে ওই আদেশ দেওয়া হয়েছে।