বিদ্যালয়ে মেলা, পড়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সদরের মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের মাঠে ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে মাসব্যাপী আলোয়াখোয়া রাস মেলা। মাঠের পূর্ব পাশে কালিকাপুর নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টিকে মেলার কার্যালয় বানানো হয়েছে। তাই বিদ্যালয়টি আপাতত বন্ধ।তবে প্রধান শিক্ষক দাবি করেছেন, সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান চলে। বিদ্যালয়টিকে মেলার কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিঠি দিয়েছেন বলে জানা গেছে।গত বুধবার বেলা ১১টায় সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টি বন্ধ। বিদ্যালয়ের মাঠ ও আশপাশে হোটেল-দোকান, লটারি খেলার প্যান্ডেল, যাত্রা ও সার্কাসের মঞ্চ। চারদিকে মাইকের শব্দ আর মানুষের কোলাহল। বিদ্যালয়টি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সামনে বানানো হয়েছে তোরণ। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ৯৩ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক রয়েছেন।অভিভাবকেরা জানান, এবার মেলা শুরুর ১৫ দিন পরই পঞ্চম শ্রেণীর সমাপনী এবং এক মাস পর বার্ষিক পরীক্ষা। এই মুহূর্তে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।বিদ্যালয়ের প্রথম ও তৃতীয় শ্রেণীর দুই শিক্ষার্থী বলে, মেলার তানে (কারণে) স্কুল বন্ধ। চারদিকে মাইক বাজে।প্রধান শিক্ষক মো. মখলেছার রহমান বলেন, বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষের মধ্যে দুটি মেলার কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিদ্যালয়ের অফিসকক্ষ ও অন্য একটি শ্রেণীকক্ষে সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর এবং ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস নেওয়া হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুমাছ আলী বলেন, ‘মেলার কারণে এক মাস ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত হয়। বাধ্য হয়ে বিদ্যালয়ের কক্ষ ছেড়ে দিতে হয়। এর আগে দুবার দিতে চাইনি।’আটোয়ারীর ইউএনও মো. দেলোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকার কথা নয়। অন্য একটি ভবনে পাঠদানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।