বিদ্যালয়ে যাওয়া হলো না রাব্বীর
বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের চাপায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর ছাত্র রাব্বী (৬)। গতকাল বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের দালালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে এইচএসসি পরীক্ষার কথা চিন্তা করে প্রতিবন্ধকতা তুলে নেয় এলাকাবাসী। রাব্বী রামপালের কোদালধোয়া গ্রামের আবদুল মতিনের ছেলে। সে রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ত।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাচ্ছিল রাব্বী। রামপালের দালালপাড়ায় ঢাকাগামী দীঘিরপাড় পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে।
সদর থানাধীন হাতিমারা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।