বিদ্যালয়ে যাওয়া হলো না শিক্ষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিলেন এক প্রধান শিক্ষক। কিন্তু বিদ্যালয়ে তিনি আর যেতে পারেননি। মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে নিহত হন তিনি। নাটোর জেলা কারাগারের সামনে গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম মুসলিমা খাতুন (৩৮)। তিনি বড়াইগ্রাম উপজেলার রয়নাভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে মুসলিমা খাতুন স্বামী মেহেদী হাসানের মোটরসাইকেলের পেছনে বসে নাটোর শহর থেকে রয়নাভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে নাটোর কারাগারের সামনের হরিশপুর এলাকায় আসার পর মোটরসাইকেলটি হঠাৎ একটি গতিরোধকের ওপর উঠে পড়লে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে যান। এতে তিনি গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান জানান, তিনি নিজেও বড়াইগ্রাম কৃষি কার্যালয়ে কর্মরত আছেন। এ কারণে তাঁরা দুজনই প্রতিদিন মোটরসাইকেলে করে কর্মস্থলে যান। কারাগারের সামনে বুধবার রাতে যে গতিরোধক নির্মাণ করা হয়েছে তা তিনি লক্ষ্য করতে পারেননি। কারণ গতিরোধকে রং করা ছিল না। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী বাদেশ আলী জানান, তিনি ঘটনাটি তদন্ত করে দেখবেন।