বিদ্যালয়ে যাওয়ার পথে ছাত্রী অপহূত, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে শহরের পচাপুকুর পাড় এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে জানা গেছে। এ ব্যাপারে মামলা হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।ময়মনসিংহ সদর মডেল থানা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী তার মায়ের সঙ্গে রিকশায় করে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে পচাপুকুর পাড় এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি অস্ত্রের মুখে রিকশার গতিরোধ করে। এ সময় মা ও মেয়ে চিৎকার করলেও স্থানীয় লোকজন ভয়ে এগিয়ে আসেনি। একপর্যায়ে তারা ওই ছাত্রীকে প্রাইভেট কারে তুলে নিয়ে চলে যায়। ছাত্রীর মা প্রাইভেট কারের নম্বর (ঢাকা মেট্রো গ-১৫-৪০১২) নিয়ে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে জানান। প্রধান শিক্ষিকা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ শহরের আর কে মিশন রোড এলাকা থেকে গাড়িটি জব্দ করে। পরে সন্ধ্যার দিকে জুয়েল নামের এক আসামিকে গ্রেপ্তার করে। বিদ্যাময়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা জানান, মেয়েটি এসএসসির নির্বাচনী পরীক্ষা দিতে বিদ্যালয়ে আসছিল। ওর মায়ের কাছে অপহরণের ঘটনা শুনে তা পুলিশ ও প্রশাসনকে জানাই। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, এ ঘটনায় মেয়েটির বাবার করা মামলায় জুয়েল নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।