বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে উত্তেজনা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার এম এ এম উচ্চবিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। শিক্ষক ও পরিচালনা পর্ষদ ছাড়া এতে জড়িয়ে পড়েছে আশপাশের চারটি গ্রামের মানুষ।এলাকাবাসী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩০ অক্টোবর ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সমাজবিজ্ঞান ও কৃষিশিক্ষা বিষয়ে তিনজন শিক্ষক এবং একজন নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পদে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়া নিয়ে পরিচালনা পর্ষদ দুই পক্ষে বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষ ফলাফল অনুযায়ী নিয়োগের পক্ষে এবং অন্য পক্ষ নতুন করে পরীক্ষা নেওয়ার পক্ষে অবস্থান নেয়। দ্বিতীয় পক্ষ নিয়োগ পরীক্ষা বাতিল করে স্থানীয় পত্রিকায় আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। প্রথম পক্ষও পাল্টা বিজ্ঞপ্তি দেয়। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, পরিচালনা পর্ষদের বিভক্তির কারণে শিক্ষকেরাও বিভক্ত হয়ে পড়েছেন।পরিচালনা পর্ষদের এক পক্ষের সদস্য জিল্লুর রহমান অভিযোগ করেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতিসহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা চার প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। কিন্তু ওই প্রার্থীরা নিয়োগ পরীক্ষায় টিকতে পারেননি। এ কারণে নিয়োগ বাতিলসহ বিভিন্নভাবে পরিবেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।সভাপতি আতিকুর রহমান টাকা নেওয়ার অভিযোগ নাকচ করে বলেন, সাজানো ওই পরীক্ষার বিষয়ে তিনি জানেন না। প্রধান শিক্ষক খলিলুর রহমানের সঙ্গে এ ব্যাপারে কথা বলা সম্ভব হয়নি।