বিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্যাতন ও শাস্তির প্রবণতা থামছে না
স্কুলে শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে সরকার একাধিক পরিপত্র জারি করেছে। এ বিষয়ে রয়েছে হাইকোর্টের নিষেধাজ্ঞা। এত কিছুর পর নির্যাতন কিছুটা কমলেও তা বন্ধ হয়নি।বেসরকারি প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ার সহায়তায় পরিচালিত জরিপে ৬৮ শতাংশ শিক্ষার্থী শিক্ষকের হাতে শাস্তি পাওয়ার কথা জানিয়েছে। শিশু সংগঠন চাইল্ড পার্লামেন্ট গত মার্চে ৬৪ জেলার ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২৮০ জন শিক্ষার্থীর ওপর এই জরিপ চালায়। একই সংগঠনের উদ্যোগে একই সময়ে গত বছর শিক্ষকের কাছে শাস্তি পাওয়ার কথা বলেছিল ৬৯ শতাংশ ছাত্রছাত্রী।শিক্ষকের শাস্তির পাশাপাশি সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নির্যাতনের বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাকরিচ্যুত শিক্ষক পরিমল মজুমদার এখন কারাগারে আছেন।আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার শিক্ষক মতিয়ার রহমানের বিরুদ্ধে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। ওই শিক্ষককে গত ১৯ মে বরখাস্ত করা হয়েছে। আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার চতুর্থ শ্রেণীর ছাত্রী কাজী সিলভী এখনো মনোচিকি ৎসকের কাছে চিকি ৎসা নিচ্ছে। তার মা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, মেয়ের ভাঙা হাত জোড়া লেগেছে। তিন মাস স্কুলে যেতে পারেনি। এর মধ্যে খরচ হয়েছে অনেক টাকা।আইডিয়াল স্কুলের অঙ্কের শিক্ষক বেলায়েত হোসেন গত ১৫ মে সিলভীকে পেটালে তার এ অবস্থা হয়। ইয়াসমিন বলেন, শিক্ষক দুটি মোটা স্কেল একসঙ্গে করে পিটিয়ে মেয়ের হাত ভেঙে দেন। ওই শিক্ষক তাঁর কাছে মেয়েকে প্রাইভেট পড়াতে বলেছিলেন। এটা না করার কারণে হয়তো এভাবে পিটিয়েছেন।বেলায়েতকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। গত মাসে সিলভীর মায়ের দায়ের করা মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।গত বছরের সেপ্টেম্বর মাসেও আইডিয়াল স্কুলে ১৬ শিক্ষার্থীকে শাস্তি দেওয়ার ঘটনায় তিনটি মানবাধিকার সংগঠন হাইকোর্টে রিট আবেদন করে। তখন হাইকোর্ট বিস্ময় প্রকাশ করে এ ধরনের শাস্তি বন্ধের নির্দেশ দেয়।জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহায়তায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় শিশুদের শারীরিক শাস্তি বিষয়ে জরিপ করে। ‘শারীরিক শাস্তি বিষয়ে বাংলাদেশি শিশুদের মতামত’ (জরিপ ২০০৮) শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়, বিদ্যালয়ের ৯৭ শতাংশ শিশু ধমক, তিরস্কার ও ভ র্ৎসনার শিকার হয়। হাতের তালুতে বেত বা লাঠি দিয়ে আঘাতের শিকার হয় ৭৬ শতাংশ শিশু। গত বছরের ৯ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। যাঁরা শারীরিক শাস্তি দেবেন, তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০, ১৯৭৪ সালের শিশু আইন এবং ক্ষেত্রমতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ২০০৮ সালের এপ্রিলে এবং গত বছরের মার্চ ও আগস্ট মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শাস্তি বন্ধে অনুরূপ পরিপত্র জারি করেছিল।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘খুন করলে ফাঁসি হয়, এর পরও অনেকে খুন করছে। তাই সরকার পরিপত্র জারি করলেই এ ধরনের অপরাধ একেবারে বন্ধ হয়ে যাবে, তা নয়। এ ক্ষেত্রে শিক্ষকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।’শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ছোটবেলা থেকে শুনছি, অভিভাবকেরাই শিক্ষককে বলেন, “আমার সন্তানের শরীরের মাংস আপনার, শুধু হাড্ডিটুকু ফেরত দিলেই হবে। মেরেপিটে মানুষ করে দেবেন।” তাই অভিভাবকদেরও মানসিকতার পরিবর্তন হতে হবে।’গত জানুয়ারিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। গত বছরের ১৫ জুলাই প্রথম আলোয় ‘মা, আমাকে বাঁচাও’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। স্কুলে শাস্তি দেওয়ার ফলে ১০ বছরের স্কুলছাত্রের বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটে। এমন ১৩টি নির্যাতনের ঘটনা তুলে ধরে জনস্বার্থে আইন ও সালিশ কেন্দ্র ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্ল্যাস্ট) হাইকোর্টে রিট আবেদন করে। ব্ল্যাস্টের অবৈতনিক পরিচালক আইনজীবী সারা হোসেন প্রথম আলোকে বলেন, ‘সরকার পরিপত্র জারি করেছে, হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে। কিন্তু প্রচারের অভাবে বিষয়গুলো সবার কাছে পৌঁছায়নি।’