বিদ্যালয়ে শিক্ষার্থীর চুল কর্তন, শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার হালুয়াপাড়া শেখ জামাল উচ্চবিদ্যালয়ে এক শিক্ষক ছাত্রের মাথার চুল কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে জরুরি সভা ডেকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।
জানা গেছে, গত বৃহস্পতিবার মাথার লম্বা চুলে বিভিন্ন রং লাগিয়ে ক্লাসে আসে অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্র। এ সময় ক্লাসের শিক্ষক মোহাম্মদ মাসুম কয়েকজনের চুল সামান্য কেটে দেন। পরে ওই ছাত্ররা সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করে এর প্রতিবাদ জানায়। গতকাল বিকেলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি মাসুমকে সাময়িক বরখাস্ত করে। পাশাপাশি ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ধামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম আহাম্মেদ বলেন, ক্রীড়া শিক্ষক মাসুম শাসনের জন্য চুলে ফ্যাশন করা ছাত্র সিফাত ও আরিফের মাথার চুল সামান্য কেটে দেন। পরে ছাত্ররা সেলুনে গিয়ে পুরো চুল কেটে ফেলে। বিষয়টি তদন্তের জন্য ইউপি সদস্য আবু সাইদকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
শিক্ষক মোহাম্মদ মাসুম বলেন, ‘বেশ কিছু দিন ধরে ছাত্রদের মাথার চুল কেটে সাবলীলভাবে স্কুলে আসার কথা বলা হচ্ছিল। তারপরও ছাত্ররা কোনো কথা না শুনে মাথার চুল বড় ও বিভিন্ন কালার (রং) করে রেখেছে। আমি সিফাতের মাথার চুল সামান্য কেটে তাকে শাসন করেছি। এ সময় ছাত্ররা বেয়াদবি করে অন্যান্য ছাত্রের চুলের কথা বলতে থাকে। এ কারণে আমি আরও এক ছাত্রের মাথার চুল সামান্য কেটে দিই। পরে ছাত্ররা আমাকে হুমকি দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায় এবং সেলুনে গিয়ে পুরো চুল কেটে ফেলে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার শামীমা আক্তার বলেন, ‘ঘটনার দিন দুপুরে আমি ছুটি নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। পরে ঘটনাটি ঘটেছে। তবে ক্রীড়া শিক্ষক শাসনের জন্য ছাত্রদের মাথার চুল কেটে দিয়েছেন।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘বিষয়টি শুনেছি। কেউ অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।’