কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বগাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘জাতীয় পতাকা নিয়ে সমাবেশ’ চলাকালে গতকাল সোমবার সকালে এলাকার প্রভাবশালীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ২০ শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষার্থীদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।হামলাকারীরা বিদ্যালয়ের দুজন সহকারী শিক্ষককে বিদ্যালয়ে না আসার জন্য হুমকি দেয় এবং বিদ্যালয়ের মাঠে সমাবেশ করলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেয়। হামলাকারীদের ভয়ে গতকাল বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাওরের আদি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়। এলাকার প্রয়াত রমজান আলী, মো. মফিজউদ্দিন মুন্সি ও মোহাম্মদ মজিদ ভূঞা বিদ্যালয়ের জন্য ১০৫ শতাংশ ভূমি দান করেন। ৮৭ শতাংশ ভূমি বিদ্যালয়ের মাঠ হিসেবে রাখা হয়েছে। গতকাল সকাল নয়টার দিকে স্কুল শুরুর আগে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের সমাবেশ চলাকালে বিদ্যালয়ের পাশের ধলাই গ্রামের আলাউদ্দিন, সফিরউদ্দিন, মোতালিব মিয়া, আবুল কালাম, শামসুল হক, মাহতাব মিয়া, সাইজউদ্দিনসহ ২৮-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয়ের সমাবেশে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা চালায়। তাদের হামলায় দৌড়ে পালাতে গিয়ে অন্তত ২০ জন ছাত্র আহত হয়। এ সময় তাদের চিৎকারে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূরুল হক ভূঞা, গোলাম ফারুক, আলী আকবরসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. মুখলেছুর রহমান ও আবু জাহের মীরকে শাসিয়ে বিদ্যালয়ের মাঠ থেকে চলে যায়।