বিদ্যালয়ে ‘পুকুর কেটে’ মাঠ ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল বিদ্যালয়ের মাঠ ও শ্রেণীকক্ষের চারপাশে মাটি ভরাট করা হবে। এ জন্য প্রয়োজনীয় মাটি আনা হবে বাইরে থেকে। কিন্তু কাজের সময় দেখা গেল, বিদ্যালয়ের মাঠের মাটি কেটে ভরাট করা হয় বিদ্যালয়ের বিভিন্ন স্থান। এর ফলে বিদ্যালয়ের শ্রেণীকক্ষসংলগ্ন জায়গায় বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের আফানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।সরেজমিনে ঘুরে ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মাঠ ভরাট ও শ্রেণীকক্ষের বাইরের চারপাশে মাটি ভরাটের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) পক্ষ থেকে একটি প্রকল্প তৈরি করা হয়। এই প্রকল্পে ৫০ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, ইউপি ও শিক্ষকদের সমন্বয়ে এই কাজ করার নিয়ম থাকলেও তা মানা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, ইউপি চেয়ারম্যান সরকারদলীয় স্থানীয় নেতা-কর্মীদের দিয়ে কমিটি করে এই মাটি কেটেছেন।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবু হাসান জানান, কীভাবে কোন প্রকল্প থেকে মাটি কাটা হয়েছে, বিষয়টি তাঁদের জানা নেই। প্রতিদিন ভোরে এসে চেয়ারম্যানের লোকজন মাটি কেটেছে। বাধা দিলেও তাঁরা মানেননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন জানান, মাটি কাটার ফলে যে গর্তের সৃষ্টি হয়েছে, এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।এভাবে মাটি কাটা ঠিক হয়নি, স্বীকার করে শুভগাছা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির অনুপস্থিতিতে মো. সফিউল ইসলামকে কমিটিতে অন্তর্ভুক্ত করে মাটি কাটার জন্য বলা হয়। তাঁরা নিজেদের ইচ্ছামতো মাটি কাটায় এ অবস্থা হয়েছে। এই গর্ত ভরাট করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে সফিউল ইসলাম দাবি করেন, তাঁকে কমিটিতে রাখার বিষয়টি তিনি জানেন না। কোথাও তাঁর স্বাক্ষরও নেই। বিষয়টি চেয়ারম্যানই ভালো বলতে পারবেন।