বিদ্যালয়ের অনুষ্ঠানে 'ফ্লাস মব'
চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই...টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সংয়ের সঙ্গে ‘ফ্লাস মব’ করল রাজশাহীর একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার ছিল তাদের আন্তশ্রেণি ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের অনুষ্ঠান।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসের একটি প্রতিষ্ঠান অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান সূত্র জানায়, তাদের বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ২৫টি দলের মধ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে এই দল গঠন করা হয়। এর মধ্যে মেয়েদেরও ছিল চারটি দল।
মেয়েদের খেলায় সপ্তম শ্রেণি চ্যাম্পিয়ন এবং নবম শ্রেণি রানারআপ হয়েছে। মেয়েদের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শায়ন্তনী। গতকাল ছেলেদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণির দল। ছেলেদের মধ্যে সেরা হয়েছে দশম শ্রেণির শিক্ষার্থী জাকির হোসেন।
গতকাল সকাল নয়টায় চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ফ্লাস মবে’ বিদ্যালয়ের ছেলে ও মেয়েরা পৃথকভাবে অংশ নেয়। ক্রিকেট উন্মাদনা ফুটিয়ে তোলার জন্য সাইকেল ‘স্টান্ট’ করে শুয়ে পড়া তিন শিক্ষার্থী গায়ের ওপর দিয়ে পার হয়ে যায় এক শিক্ষার্থী। স্কুল অ্যান্ড কলেজের সাড়ে তিন হাজার শিক্ষার্থী দুই পাশের ভবন থেকে এই দৃশ্য দেখতে ভিড় করে।
সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন রুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস অনুষদের ডিন শহীদুজ্জামান, ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক আশি আরা খাতুন, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।
অধ্যক্ষ সাইফুল হক বলেন, ক্রিকেট নিয়ে উৎসব কতটা শিশুতোষ পর্যায়ের হতে পারে, এটা দেখানোর জন্যই তারা প্রথম শ্রেণির শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই ‘ফ্লাস মব’ দেখেই বোঝা যায়, ক্রিকেট এদের কতটুকু ছুঁয়েছে।