বিদ্যালয়ের আঙিনা ছেড়ে স্বামীর ঘরে
জয়পুরহাটে বাল্যবিবাহের প্রবণতা বেশি। এ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উদ্বিগ্ন। কিছুতেই ঠেকাতে পারছেন না বাল্যবিবাহ। দরিদ্রতা, শিক্ষার অভাব, পারিবারিক অসচেতনতা ও কুসংস্কারের কারণে জেলায় প্রতিবছর দুই থেকে আড়াই হাজার স্কুলপড়ুয়া মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, জেলার পাঁচ উপজেলায় মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে মোট ২৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। শিক্ষকেরা জানান, প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৮-১০ জন ছাত্রীর বিয়ে হয়ে যাচ্ছে। সে হিসাবে প্রতিবছর দুই হাজার ২৪ থেকে দুই হাজার ৫৩০ জন ছাত্রী বাল্যবিবাহের শিকার হচ্ছে।জয়পুরহাট সদর উপজেলার চাঁদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, গত ১২ আগস্ট তাঁর বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে হয়ে যায়। দেড় মাস আগে ষষ্ঠ শ্রেণীর আরেক ছাত্রী, তারও আড়াই মাস আগে দশম শ্রেণীর অপর এক ছাত্রীর বিয়ে হয়েছে। তিনি জানান, প্রতিবছর তাঁর বিদ্যালয়ের ৮-১০ জন ছাত্রীর বিয়ে হয়ে যায়। এ জন্য তিনি নিকাহ রেজিস্ট্রার (কাজি) ও অভিভাবকদের দায়ী করেন। সদর উপজেলার দোগাছী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, ১৩ আগস্ট তাঁর বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে হয়েছে। মেয়েটির মা-বাবাকে অনেক বুঝিয়েও বিয়ে বন্ধ করতে পারেননি। মাস দুয়েক আগে একই শ্রেণীর আরেকটি মেয়ের বিয়ে হয়। পাঁচবিবি উপজেলার জাতাইর পাগলাবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন নাহার জানান, তাঁর এখানে প্রতিবছর গড়ে ৮-১০ জন ছাত্রীর বিয়ে হয়। দুই মাস আগেও তাঁর বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর বিয়ে হয়েছে। প্রশাসনকে বিয়ের বিষয়ে জানালে সাময়িকভাবে বিয়েটি বন্ধ থাকে। পরে কোনো এক আত্মীয়ের বাড়িতে নিয়ে অভিভাবকেরা গোপনে মেয়ের বিয়ে দেন।জয়পুরহাট সদর উপজেলার কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. তোহা আলম জানান, বাল্যবিবাহের কুফল সম্পর্কে অনেক বুঝিয়ে-সুঝিয়েও অভিভাবকদের বিরত করা যাচ্ছে না। তাঁর মাদ্রাসা থেকেও প্রতিবছর অনেক মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। ক্ষেতলালের জিয়াপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আনোয়ার জানান, তাঁর বিদ্যালয় থেকে গত আট মাসে ছয়জনের বাল্যবিবাহ হয়েছে। তিনি বলেন, স্কুলগুলো থেকে আশঙ্কাজনকভাবে ছাত্রী কমে যাচ্ছে।আক্কেলপুরের জাফরপুর আর কে এম দাখিল মাদ্রাসার সুপার মো. গোলাম আজম জানান, তাঁর মাদ্রাসায় ১৬০ জন ছাত্রী রয়েছে। গত বছর ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়া অবস্থায় ১৫ জন ছাত্রীর বিয়ে হয়েছে। বাধা দিয়েও কাজ হয়নি।সদর উপজেলার বাগুয়ান গ্রামের মন্টু জানান, তাঁর মেয়েকে ১৪ বছর বয়সে বিয়ে দিয়েছেন। বিয়ের দুই বছর পর মেয়ের বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর মেয়ের স্বাস্থ্য ভেঙে পড়ে। এখন সব সময় অসুখ-বিসুখ লেগেই আছে। তাঁকে চিকিৎসা করাতে প্রচুর টাকা খরচ হচ্ছে। তিনি বলেন, ‘অল্প বয়সে মেয়ের বিয়ে দিয়ে কী যে ভুল করেছি, তা বলে বোঝাতে পারব না।’জেলা কাজি সমিতির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য মীর মোতাহার হোসেন বলেন, ‘কিছু কাজি অর্থের লোভে নাবালকদের বিয়ে রেজিস্ট্রি করান। ওই সব কাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস জানান, বাল্যবিবাহ হচ্ছে—এমন খবর পেলে তিনি ম্যাজিস্ট্রেট ও পুলিশ দিয়ে মেয়ের মা-বাবাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ ছাড়া মসজিদের ইমাম, নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে তিনি নিজেও সচেতনতামূলক সভা করছেন। বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।