বিদ্যালয়ের আমে বিদ্যালয়ে উৎসব
গাছভর্তি সবুজ আম। শ্রমিকেরা একে একে সেগুলো পাড়ছেন। শিক্ষার্থীরাও হুটোপুটি করে আম সংগ্রহ করছে। কোনো কোনো শিক্ষকও যোগ দেন তাদের সঙ্গে। গত মঙ্গলবার আম উৎসবে এভাবেই মুখর ছিল ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের কোটচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়।
বিদ্যালয় প্রাঙ্গণে নিজেদের লাগানো গাছের আম দিয়েই আয়োজন করা হয় এই উৎসবের। হাজারের বেশি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় প্রায় ১০ হাজার আম। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বর্তমান ও সাবেক শিক্ষকেরাও এই উৎসব যোগ দেন।
মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের হাতে আম তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবপ্রসাদ পাল। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পক্ষ থেকে ১১ একর জমির মধ্যে রোপণ করা হয়েছিল ১২২টি বিভিন্ন জাতের আমগাছ। এসব গাছের ৮০টির আম বিক্রি করা হয়েছে। অবশিষ্ট ৪২টি গাছের আম দিয়ে এই উৎসব হচ্ছে।