বিদ্যালয়ের কক্ষ ঝুঁকিপূর্ণ, বারান্দায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শাহচিল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। এতে কক্ষগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীদের ভবনের বারান্দায় পাঠদান করা হচ্ছে।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের জরাজীর্ণ ভবনের বারান্দায় পাঠদান করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনুর বেগম বলেন, বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে চার কক্ষের একতলা ভবন নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে ভবনটি নির্মাণ করা হয়। কাজের মান ভালো না হওয়ায় চার মাস আগে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে ছাদের পলেস্তারা শিক্ষার্থীদের ওপর খসে পড়ে। তখন কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বিদ্যালয়টিতে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে।

হেলেনুর আরও বলেন, চার মাস ধরে বিদ্যালয় ভবনের বিম, ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। এ কারণে শ্রেণিকক্ষের ভেতরে পাঠদান করা সম্ভব হচ্ছে না। বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েও কোনো কাজ হয়নি। ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ওই ভবনের বারান্দায় ও মাঠে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।

শাহচিল্লাহপুর গ্রামের বাসিন্দা আলী নুর মিয়া বলেন, ‘এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় ভালো ফল করে। তাই বলে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা যায় না। আমার মতো অনেক অভিভাবকই তাঁদের সন্তানদের দূরের অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছেন।’

গতকাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম জাহিদ ইকবাল বিদ্যালয় পরিদর্শন করে প্রথম আলোকে বলেন, এই বিদ্যালয়টির মতো সোনারগাঁ উপজেলার ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের একই অবস্থা। বিষয়টি মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে নতুন ভবন নির্মাণ করা হবে।