বিদ্যালয়ের কক্ষে পুলিশ রেখে মাঠে ক্লাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষে পুলিশ ক্যাম্প রেখেই গতকাল বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু হয়। বিদ্যালয়ের মাঠের গাছতলায় ক্লাস চলছে মাদুর ও বেঞ্চ পেতে ।
৫ জানুয়ারি ভোটের দিন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে হামলা ও পাশের বাজারে হিন্দুদের দোকান ভাঙচুর এবং আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষে এক কর্মী নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এই পুলিশ ক্যাম্প করা হয়। শ্রেণীকক্ষে পুলিশ ক্যাম্প করার পর থেকে বন্ধ থাকে বিদ্যালয়টির পাঠদান।
এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘স্কুলে পুলিশ ক্যাম্প,পাঠদান বন্ধ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
গ্রামবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা বলছে, অন্য কোথাও ক্যাম্প করতে না পারলে পুলিশ বিদ্যালয়ে থাকুক, কিন্তু দিনের বেলায় ক্লাস চলাকালে যদি শ্রেণীকক্ষ ছেড়ে দেয়, তাহলে আর তেমন কোনো সমস্যা হবে না।
গতকাল সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, মাঠে তিনজন শিক্ষক শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। কিছু শিক্ষার্থীর জন্য ব্যবস্থা করা হয়েছে বেঞ্চ, আর বাকিদের জন্য মাঠে পাতা হয়েছে প্লাস্টিকের মাদুর। রশি টেনে মাঠের বিভিন্ন দিকে পুলিশের ব্যবহার করা কাপড়চোপড় শুকাতে দেওয়া হয়েছে। দুজন পুলিশ কনস্টেবল অস্ত্র হাতে বারান্দায় পাহারা দিচ্ছেন। কয়েকজন শিক্ষার্থী মাঠের এদিক-সেদিক ঘোরাফেরা করছে। আর কিছু ছাত্র মাদুরে বসে পড়াশোনা করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিক্তা রানী রায় প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের কার্যালয়সহ চারটি কক্ষে পুলিশ ক্যাম্প করা হয়েছে। ক্লাস নেওয়ার জায়গা না থাকায় শিক্ষার্থীদের পড়ার ক্ষতির কথা ভেবে ঊর্ধ্বতন ব্যক্তিদের পরামর্শে মাঠেই ক্লাস শুরু করে দিয়েছি। কিন্তু এ পরিবেশে শিক্ষার্থীরা মনোযোগ দিতে পারছে না।’
বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক প্রদীপ রায় বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার জন্য এলাকায় পুলিশ ক্যাম্প দরকার আছে। আবার পাশাপাশি ছেলেমেয়েদের পড়ালেখার ক্ষতির কথাটাও ভাবতে হবে। তাই ছাত্রছাত্রীদের বসার জন্য নিজেই কিছু মাদুরের ব্যবস্থা করে দিয়েছি।’
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী সরকার বলেন, ‘গোপালপুর এলাকায় গত মঙ্গলবার দুপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের সময় বিষয়টি নিয়ে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজির সঙ্গে কথা হয়। উপযুক্ত জায়গা পেলে পুলিশ ক্যাম্পটি সরিয়ে নেওয়া হবে বলে তিনি আমাদের আশ্বাস দেন।
ডিআইজির আশ্বাসের পর গতকাল থেকে মাদুর পেতে বিদ্যালয়ের মাঠে পাঠদান শুরু করতে প্রধান শিক্ষককে বলা হয়।’
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফয়সল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমরা দ্রুত অন্য কোথাও ক্যাম্প স্থানান্তর করার চেষ্টা করব। সম্ভব না হলে অন্তত শ্রেণীকক্ষে যাতে শিক্ষার্থীরা পড়তে পারে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’