বিদ্যালয়ের কমিটি গঠনে জালিয়াতির অভিযোগ
বগুড়ার ধুনটে রাঙ্গামাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকতে এক সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজে পরিচালনা কমিটি গঠনের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে মোস্তাফিজুর রহমান ১৯ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। ২০১০ সালের ১২ সেপ্টেম্বর বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে ওহিদুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। কিন্তু ২০ এপ্রিল বিদ্যালয়ের সহকারী শিক্ষক রজিবুল হক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজে মাহফুজুর রহমান নামের এক ব্যক্তিকে সভাপতি করে ভুয়া কমিটি অনুমোদনের জন্য আবেদন করেন। আবেদনের সঙ্গে সংযুক্ত রেজুলেশনে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির চার সদস্যের স্বাক্ষর জাল করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান কমিটি গঠনের এ প্রক্রিয়া বাতিলের দাবিতে ২৪ এপ্রিল রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করেন। এরপর বিষয়টি জানতে পেরে শিক্ষা বোর্ড অবৈধ কমিটি গঠনের প্রক্রিয়া বাতিল করে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবিদার রজিবুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে সাংবাদিকের পরিচয় দেওয়া মাত্রই কোনো কথা না বলে তিনি সংযোগ কেটে দেন। এরপর আর তিনি ফোন ধরেননি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, ‘আমি এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেব।’