বিদ্যালয়ের কম্পিউটার নেতাদের বাসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি কম্পিউটার উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতা নিজেদের বাসায় নিয়ে ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের দুটি কম্পিউটারের একটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ এবং অপরটি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সামসুল আলম মিয়া বাসায় নিয়ে ব্যবহার করছেন। মহাজোট সরকার ক্ষমতায় আসার পরপরই কম্পিউটার দুটি তাঁরা নিয়ে যান।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, হারুন অর রশিদের কাছে থাকা কম্পিউটারটি কিছুদিন আগে তাঁর (প্রধান শিক্ষক) বাসায় পৌছে দেওয়া হয়েছে। অপরটি এখনো সামসুল আলম মিয়ার কাছে রয়েছে। যোগাযোগ করা হলে হারুন অর রশিদ ও সামসুল আলম মিয়া এ অভিযোগ অস্বীকার করেন।অপর দিকে, এনামুল হক মামুন মাধ্যমিক বিদ্যালয়ের একটি কম্পিউটার ওই বিদ্যালয়ের সভাপতি ও বাউফল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিটু মোল্লা বাসায় নিয়ে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে।অভিযোগ অস্বীকার করে লিটু মোল্লা বলেন, অবকাঠামোগত ও বৈদ্যুতিক সমস্যার কারণে কম্পিউটারটি এক সহকারী শিক্ষকের বাসায় নিয়ে রাখা হয়েছে। উপজেলা চেয়ারম্যান সামসুল আলম মিয়া বুধবার মনিটর কীবোর্ড ও মাউস ফেরত দিয়েছেন। তবে সিপিইউ জমা দেননি।