বিদ্যালয়ের কাছে আস্তাকুঁড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌর শহরের মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই আস্তাকুঁড়। সেখানে ফেলে রাখা ময়লা-আবর্জনার দুর্গন্ধে শিক্ষার্থীসহ এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। বারবার আবেদন করার পরও পৌর কর্তৃপক্ষ এটি সরানোর বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৫ ফুট সামনে রাস্তার পাশে ভাঙা একটি আস্তাকুঁড় (ডাস্টবিন)। সেখানে এলাকাবাসী বাসাবাড়ির ময়লা-আবর্জনা স্তূপ করে রেখেছেন। সেই সব ময়লা তিন-চারটি গরু ও কুকুর খাচ্ছে। ময়লা-আবর্জনা রাস্তার ওপরও ছড়িয়ে রয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত পরিষ্কার না করায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। পথচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  ওই স্থান দিয়ে নাক চেপে ধরে চলাচল করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান সিদ্দিকী বলেন, ‘বিদ্যালয়ের একদম কাছে রাস্তার ওপর ডাস্টবিনটি। আশপাশের বাসাবাড়ি থেকে ভাঙা ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলা হয়। ১০ বছর ধরে ওই ডাস্টবিনে ফেলা ময়লা-আবর্জনার দুর্গন্ধ সহ্য করে আসছি। দুর্গন্ধের কারণে শিক্ষার্থীরা মাঠে খেলতেও বের হয় না। অনেক সময় এত পচা দুর্গন্ধ আসে যে  ক্লাস নেওয়া যায় না। সেখান থেকে ডাস্টবিন সরানোর জন্য অনেকবার পৌর কর্তৃপক্ষকে বলেও লাভ হয়নি।’

এ বিষয়ে জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম দাবি করেন, গণসচেতনতার অভাবে এ সমস্যা হচ্ছে। ডাস্টবিন থাকার পরও সাধারণ মানুষ বাসাবাড়ির ময়লা-আবর্জনা ডাস্টবিনে না ফেলে রাস্তার ওপরে ফেলে রাখেন। তবে পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন ময়লা পরিষ্কার করছেন। তিনি বলেন, বিকল্প কোনো জায়গা পেলে ডাস্টবিনটি সরিয়ে ফেলা হবে।