নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ক্যামব্রিজ জুনিয়র মডেল স্কুল এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। একই স্থানে আজ শনিবার বিদ্যালয় ও স্থানীয় যুবলীগ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেওয়ায় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। গতকাল শুক্রবার বিকেল চারটা থেকে আজ শনিবার রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।জানা গেছে, আজ শনিবার বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের সময়সূচি ছিল। একই স্থানে আলোচনা সভার ডাক দেয় স্থানীয় যুবলীগ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার স্থলে অন্য একটি পক্ষ পাল্টা কর্মসূচি ঘোষণা করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।জানা গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় এক মাস আগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে। ওই হিসেবে তখন থেকে প্রস্তুতি শুরু হয়। গতকাল সকাল থেকে বিদ্যালয়ের মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা খন্দকার রুহুল আমিনকে।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি লুৎফুর রহমান অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে রুহুল আমিনের বিরোধী পক্ষ আমাদের অনুষ্ঠান বানচাল করতে উঠেপড়ে লেগেছে।’ শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় যুবলীগের একদল কর্মী বিদ্যালয়ের মাঠে এসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে জানান। এর পরই একই স্থানে শনিবার যুবলীগের আলোচনা সভা হবে বলে মাইকে প্রচারণা চালাতে থাকেন।বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করে, বেলা আড়াইটার দিকে যুবলীগের কর্মীরা আবার বিদ্যালয়ের সীমানায় ঢুকে অনুষ্ঠানের মঞ্চ, প্যান্ডেল ও বিভিন্ন কক্ষে হামলা-ভাঙচুর চালান। এ সময় তাঁরা বলেন, বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ফ ম বাহারের উপস্থিতিতে আলোচনা সভা ছাড়া অন্য কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না।আ ফ ম বাহারের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি রহুল আমিনকে ইঙ্গিত করে প্রথম আলোকে বলেন, ‘এসব লোক আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বিএনপির সঙ্গে আঁতাত করে কালো টাকা খরচ করে এলাকা নষ্ট করছে। এরা এলাকায় এলে অশান্তি হয়। তাই হয়তো যুবলীগের ছেলেরা তাদের প্রতিহত করতে সেখানে পাল্টা কর্মসূচি দিয়েছে। এর পেছনে আমার হাত নেই।’রুহুল আমিন বলেন, ‘বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো কোনো দলীয় অনুষ্ঠান নয়। অথচ হীন রাজনৈতিক স্বার্থে সেখানে পাল্টা কর্মসূচি দেওয়া হয়েছে। এ ন্যক্কারজনক কাজের নিন্দা জানানোর ভাষা জানা নেই।’সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানস্থলে যুবলীগ পাল্টা কর্মসূচি ঘোষণা দিয়ে মাইকিং করায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর থেকেই স্কুলের আঙিনায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে বিদ্যালয়ে যুবলীগের কর্মীদের হামলার কোনো অভিযোগ তাঁরা পাননি।