বিদ্যালয়ের খাজনা না দেওয়ায় চার শিক্ষকের বেতন-ভাতা বন্ধ
ভূমির খাজনা না দেওয়ার কারণে বেতন-ভাতা আটকে আছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের।জানা যায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের ধামাইনগর উত্তরপাড়া রেজি. প্রাথমিক বিদ্যালয়ের ভূমির খাজনা পরিশোধ না করার কারণে বেতন-ভাতা পাচ্ছেন না তাঁরা। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের ভূমিদাতা ছিলেন পাশের আদিত্যবাড়িয়া গ্রামের ওমর ফারুক নামের এক ব্যক্তি। কিন্তু বিদ্যালয়ের ভূমি ভুলবশত হালটের (রাস্তার) নামে আরএস রেকর্ডে অন্তর্ভুক্ত হওয়ায় সমস্যা দেখা দেয়। বিষয়টি দীর্ঘদিনেও কারও নজরে পড়েনি।স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস থেকে ওই বিদ্যালয়কে খাজনা পরিশোধের তাগিদ দিলে কাগজপত্র দেখে জানা যায়, বিদ্যালয়ের ভূমি ওই হালটের আওতায়। ফলে সমস্যায় পড়ে যায় বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি সমাধানের জন্য এ বছরের জানুয়ারি মাসে সিরাজগঞ্জ নিম্ন আদালতে আরএস রেকর্ড সংশোধনের জন্য একটি মামলা করা হয়। দীর্ঘদিন ধরে খাজনা বকেয়া থাকার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ওই বিদ্যালয়ের চারজন শিক্ষক-শিক্ষিকার বেতন-ভাতার সরকারি অংশ গত মার্চ মাস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিদ্যালয় ভূমির কাগজপত্রের সমস্যার কারণে আমরা খাজনা দিতে পারিনি। এখন আমাদের বেতন-ভাতাও বন্ধ।’ সমস্যা সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইয়াকুব আলী খান বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশে বিদ্যালয় ভূমির খাজনা না দেওয়ায় তাঁদের বেতন-ভাতা বন্ধ করা হয়েছে। তিনি নির্দেশ দিলেই তাঁদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে।’