বিদ্যালয়ের খেলার মাঠটি ফিরে পেল শিক্ষার্থীরা
বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি এলাকায় বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশুদের খেলার মাঠটি দখলমুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার সকালে মেট্রোপলিটন পুলিশের একটি দল মাঠের স্থাপনা ভেঙে দিয়ে মাঠটি দখলমুক্ত করে।
ওই ওয়ার্ডের কাউন্সিলর ও শ্রমিক লীগের মহানগর শাখার সদস্য জয়নাল আবেদীন ওই মাঠটি দখল করে একটি ঘর নির্মাণ করছিলেন। এ নিয়ে গত ১৩ জানুয়ারি প্রথম আলোয় ‘বিদ্যালয়ের মাঠ দখল’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই প্রশাসন খেলার মাঠ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেয়। পরে মঙ্গলবার বিদ্যালয়ের মাঠের চারদিকে থাকা সব স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় মেট্রোপলিটন পুলিশ।
অভিযান পরিচালনাকারী উপপুলিশ পরিদর্শক মহিউদ্দিন শেখ বলেন, এই বিদ্যালয়ের সামনে শিশুদের একমাত্র খেলার মাঠ দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। বিষয়টি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর প্রশাসনের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। অভিযানে মাঠের মধ্যে এবং পাশের অর্ধশতাধিক ছোট-বড় দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে।