বিদ্যালয়ের খেলার মাঠে সার্কাসের প্যান্ডেল
বিদ্যালয়ের খেলার মাঠজুড়ে বিজয় মেলার নামে দাঁড়িয়ে আছে সার্কাসের প্যান্ডেল। প্রায় তিন সপ্তাহ ধরে মৌলভীবাজার পৌরসভা এলাকার কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠে এই প্যান্ডেলটি শোভা পাচ্ছে। বিজয় মেলার অনুমোদন গত বছরের ডিসেম্বর মাসেই চলে গেছে। কিন্তু নতুন করে অনুমোদন পাওয়া না গেলেও বিজয় মেলার জন্য দোকানপাট ও সার্কাসের প্যান্ডেল স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।এদিকে মুক্তিযোদ্ধাদের নামে এই বিজয় মেলার আয়োজন করা হলেও জেলা মুক্তিযোদ্ধা সংসদ বিজয় মেলার নামে এ রকম বাণিজ্য মেলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে। এ রকম মেলার অনুমোদন না দেওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের একটি অংশের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৌলভীবাজার পৌরসভার কার্যালয়সংলগ্ন কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে বিজয় মেলা করার জন্য জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দোকানকোঠা ও সার্কাসের বিশাল প্যান্ডেল স্থাপন করা হয়েছে। কিন্তু প্রায় তিন সপ্তাহেও বিজয় মেলা শুরু হয়নি।বিজয় মেলার আয়োজক হচ্ছে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন শহীদ যুদ্ধাহত ও মুক্তিযোদ্ধা পরিবার বহুমুখী সমিতি’। এদিকে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন বলেন, ‘এখন পরীক্ষা চলছে। এ সময় মেলা করা ঠিক না। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তবু কৃষি বা শিল্পমেলার মতো শিক্ষনীয় কিছু থাকলে হয়তো ঠিক ছিল। কিন্তু মুক্তিযোদ্ধাদের নামে বাণিজ্য মেলায় আমার মত নেই।’কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ূব আলী বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অনুমোদনের শর্ত সাপেক্ষে মেলার অনুমতি দিয়েছিলাম। জানুয়ারির মাঝামাঝি থেকে তারা প্যান্ডেল করেছে। কিন্তু মেলা এখনো শুরু হয়নি। এখন আমাদের স্কুলে মেট্রিক পরীক্ষার কেন্দ্র। আমরা আমাদের বার্ষিক খেলাও করতে পারিনি। মেলা ও পরীক্ষার কারণে মার্চ মাসে বার্ষিক খেলা করার চিন্তা করছি।’বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন শহীদ যুদ্ধাহত ও মুক্তিযোদ্ধা পরিবার বহুমুখী সমিতি মৌলভীবাজারের সভাপতি আবদুস সোবহান একলিম গত রোববার বলেন, ‘এখনো মেলা করার অনুমোদন মিলেনি। অনুমোদন পাওয়া নিয়ে ঝামেলা হচ্ছে। সমিতির লোকজন ঢাকা গেছেন। দু-এক দিনের মধ্যে এই বিষয়ে একটি রেজাল্ট পাওয়া যাবে।’ জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার বলেন, ‘আমরা তাদের অনেক আগে অনুমতি দিয়েছিলাম (ডিসেম্বর ২০১১)। সে সময় পেরিয়ে গেছে। এখন তারা অনুমোদন ছাড়াই খেলার মাঠ আটকে রেখেছে। বিদ্যালয়ে পরীক্ষা চলছে। আমি আয়োজকদের বলেছি, কার্যক্রম থেকে বিরত থাকতে। নিজেদের থেকেই মাঠ ছেড়ে সরে গিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে।’