বিদ্যালয়ের গণ্ডি পেরোননি তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পৌরসভার তিনটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১০ জন নারীর মধ্যে ছয়জনই বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি। অন্যদিকে বাগেরহাট পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৪ প্রার্থীর মধ্যে বিদ্যালয়ের গণ্ডি পেরোননি সাতজন।মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামার তথ্যানুযায়ী, তিনটি সংরিক্ষত ওয়ার্ডে ১০ প্রার্থীর আটজন পেশায় গৃহিণী। দুজন পেশা হিসেবে উল্লেখ করেছেন সমাজসেবা। ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী পারবতী রানী পাল ও পিয়ারা বেগম স্বশিক্ষিত হিসেবে নিজেদের শিক্ষাগত যোগ্যতায় উল্লেখ করেছেন। ২ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর বেগম খালেদা জুয়েল নবম শ্রেণী পাস, মিনারা বেগম এসএসসি, রেহানা আক্তার অষ্টম শ্রেণী এবং সালমা আক্তার চৌধুরী এসএসসি পাস। ৩ নম্বর ওয়ার্ডের অর্পণা পাল এইচএসসি পাস, নাজমা বেগম অষ্টম শ্রেণী, বেগম রোকেয়া খাতুন পঞ্চম শ্রেণী ও সৈয়দা লাভলী সুলতানা এসএসসি পাস।১ নম্বর ওয়ার্ডের প্রার্থী পিয়ারা বেগম এবং ৩ নম্বর ওয়ার্ডের বেগম রোকেয়া খাতুন এ বিষয়ে জানান, তাঁদের সময় নারীশিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হতো না। তবে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষা ছাড়া নারীর উন্নয়নে আর কোনো পথ নেই বলে মন্তব্য করেন তাঁরা।হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ছাত্রী রিপা আক্তার বলেন, এ অঞ্চলের উচ্চশিক্ষিত নারীরা নানা পেশায় চলে যাচ্ছেন। মোটামুটি শিক্ষিত নারীরা জনপ্রতিনিধিত্ব বা সামাজিক কাজে এসে নিজেদের মানমর্যাদা রক্ষা নিয়ে সংশয়ে থাকেন। তাই অনেক ক্ষেত্রে তাঁরা এগিয়ে আসেন না। পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক তাহমিনা বেগম জানান, জনপ্রতিনিধিত্ব পদে আগের চেয়ে বর্তমানে নারীরা এগিয়ে আসছেন। তবে এ পদগুলোয় শিক্ষার বা যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম কোনো সীমারেখা নেই, এটা থাকা উচিত। শিক্ষিত লোকজন নিজেদের জনসেবায় জড়িত রাখলে সমাজে দ্রুত পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন এই নারী নেত্রী।বাগেরহাট পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৪ জন প্রার্থীর মধ্যে চারজন স্বশিক্ষিত বলে হলফনামায় উল্লেখ করেছেন। অন্য সাত প্রার্থীর মধ্যে একজন বিএ, একজন উচ্চমাধ্যমিক এবং পাঁচজন মাধ্যমিক উত্তীর্ণ বলে উল্লেখ করেছেন।হলফনামা থেকে জানা গেছে, সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী মোসাম্মৎ আসমা আকতার বিএ, আয়েশা আকতার অষ্টম শ্রেণী, হাসিনা রহমান, নাসিমা খানম ও আলেয়া বেগম স্বশিক্ষিত। ২ নম্বর ওয়ার্ডের অন্তরা খানম, শিরিনা আকতার ও শেলিনা বানু মাধ্যমিক, ফারজানা মাহমুদ উচ্চমাধ্যমিক, মমতাজ মেরী অষ্টম শ্রেণী এবং তানিয়া খাতুন স্বশিক্ষত। ৩ নম্বর ওয়ার্ডের সালেহা বেগম ও শরীফা আকতার মাধ্যমিক এবং কহিনূর বেগম অষ্টম শ্রেণী পাস।প্রথম শ্রেণীর একটি পৌরসভায় শিক্ষিত নারীদের অংশগ্রহণ কম থাকার বিষয়ে বাগেরহাট সচেতন নাগরিক কমিটির (সনাক) আহ্বায়ক অধ্যাপক চৌধুরী আবদুর রব বলেন, ‘রাজনীতির দুর্বৃত্তায়ন ও স্থানীয় সরকারকে শক্তিশালী না করায় সৎ, শিক্ষিত ও যোগ্য প্রার্থী পৌর নির্বাচনে অংশ নিতে আগ্রহী হচ্ছেন না।’