বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগে মামলা
ফরিদপুর সদরের মল্লিকপুর (মাধবপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়টি গাছ কেটে নিয়েছেন এক প্রভাবশালী ব্যক্তি। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ তিনজনের নামে মামলা দায়ের করেছে।প্রধান শিক্ষক সেতারা বেগম জানান, ৬৯ শতাংশ জমির ওপর স্থাপিত এই বিদ্যালয়ের সীমানার মধ্যে অবস্থিত দুটি আমগাছ ও চারটি পোয়াগাছ প্রতিবেশী রাজ্জাক মিয়াজী নামের এক ব্যক্তি কেটে নিয়ে গেছেন। ২০ দিন আগে গাছ কাটার সময় তাঁরা প্রতিবাদ করলে রাজ্জাক জানান, এ গাছগুলোর মালিক তিনি। গত ২৮ জুন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাবেদ ফকির ফরিদপুর কোতোয়ালি থানায় গাছ কাটার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।তবে রাজ্জাক মিয়াজী গাছগুলো তাঁর জমিতে পড়েছে দাবি করে বলেন, বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয়েছে।কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান বাসারুল আলম জানান, রাজ্জাক মিয়াজীর অনুরোধের পরিপ্রেক্ষিতে স্কুল ও রাজ্জাকের জমি আবার আগামী শনিবার (১০ জুলাই) জমি মাপা হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, মামলাটির তদন্ত চলছে।