বিদ্যালয়ের গাছ কেটে নিচ্ছেন আ.লীগ নেতা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দরিয়াদৌলত (উ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ দরিয়াদৌলত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন কেটে নিচ্ছেন। গত মঙ্গলবার তিনটি গাছের ১৫টি বড় ডাল এবং একটি গাছের গোড়ার একাংশ শ্রমিক দিয়ে কেটে ফেলেছেন তিনি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ের দক্ষিণ সীমানায় প্রায় ১৭ বছর আগে পাঁচটি কড়ইগাছ লাগানো হয়।
মঙ্গলবার বেলা একটার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, তিনটি গাছের ১৫টি বড় ডাল এবং একটি গাছের গোড়ার একাংশ কাটা রয়েছে। কাটা ডালগুলো বিদ্যালয় ভবনের সামনে রাখা হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হাকিম বলেন, বন্ধ থাকায় দিনে কেউ বিদ্যালয়ে ছিলেন না। মঙ্গলবার সকালে কয়েকজন বিদ্যালয়ের গাছ কাটছেন—এমন খবর শুনে সেখানে ছুটে যান তিনি। গাছ কাটায় নিয়োজিত শ্রমিকেরা তাঁকে জানান, আওয়ামী লীগের নেতা আমির হোসেন তাঁদের গাছ কাটতে বলেছেন। এরপর তিনি বিষয়টি উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানান।
আমির হোসেন গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘আগের শিক্ষা কর্মকর্তা গাছ কাটার জন্য আমাকে মৌখিকভাবে নির্দেশ দিয়ে গেছেন। তাই সেগুলো কাটা হচ্ছিল।’
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘গাছ কাটার বিষয়ে আগের স্যারের অনুমতির কথা বললেও আমির হোসেন সে-সংক্রান্ত কোনো প্রমাণ দেখাতে পারেননি। গাছ কাটার বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানাচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, ওই বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে কর্তৃপক্ষকে তিনি আইনগত ব্যবস্থা নিতে বলেছেন।