বিদ্যালয়ের গাছ কেটে নিচ্ছেন প্রভাবশালী!
পটুয়াখালীর বাউফল উপজেলার পশ্চিম নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির বেশ কিছু গাছ স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার পর্যন্ত ১১টি চাম্বল ও চারটি রেইনট্রিগাছ কাটা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, শনিবার বিকেলের দিকে লিখিত অভিযোগ পাওয়ার পর সন্ধ্যার দিকে পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ এবং কাটা গাছগুলো জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে শনিবার দুপুরে দেখা গেছে, বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে দুই শ্রমিক একটি চাম্বল গাছ কাটছেন। ১৪টি কাটা গাছের গুঁড়ি মাঠের মধ্যে রাখা হয়েছে। এ সময় শ্রমিকেরা জানান, সাত-আট দিন আগ থেকে তাঁরা গাছগুলো কাটতে শুরু করেন। তাঁরা আরও জানান, নুরাইনপুর কলেজের প্রভাষক কামরুল হাসান ওরফে তরু বিশ্বাস গাছগুলো কেটে নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কাঠ ব্যবসায়ী জানান, বর্তমান বাজারে ওই ১৫টি গাছের দাম কমপক্ষে দুই লাখ টাকা।
তরু বিশ্বাস বলেন, ‘গাছগুলো আমার। এ কারণেই আমি সেগুলো কেটে নিচ্ছি।’
পশ্চিম নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান এ রাজ্জাক বলেন, ‘তরু বিশ্বাস প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করতে পারিনি। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।