বিদ্যালয়ের গাছ প্রকাশ্যে লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিন এলেই শ্রমিক নিয়োগ করে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার মকিমপুর জসিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ স্থানীয় প্রভাবশালী সাইফুল ইসলাম কেটে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। গত কয়েকটি ছুটির দিনে ১০-১২টি গাছ কেটে বিক্রি করেছেন তিনি। গতকাল শুক্রবার কাটা হয়েছে আরও চারটি ফলদ গাছ। এ নিয়ে বিদ্যালয়ের প্রায় ৩০টি বনজ ও ফলদ গাছ কেটে বিক্রি করেছেন সাইফুল ইসলাম। মকিমপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, তাঁর পূর্বপুরুষেরা ওই বিদ্যালয়কে জমি দান করেছেন। ওই জমিতে লাগানো গাছগুলো একসময় তাঁদের ছিল। তিনি বলেন, ঈদগাহে কিছু মাটির কাজ করার জন্য গাছগুলো বিক্রি করা হচ্ছে। গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে তিনি এ কাজ করছেন। অবশ্য গ্রামের অনেকেরই দাবি, তাঁদের সঙ্গে এ ব্যাপারে সাইফুল কোনো আলোচনা করেননি।এলাকায় গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৬৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, বিদ্যালয়ে প্রায় ৩০টি গাছ ছিল। সম্প্রতি সাইফুল গাছগুলো তাঁদের দাবি করে কাটা শুরু করেন। এলাকার কয়েকজন জানান, গত তিন শুক্রবারে তিনি ১০-১২টি গাছ কেটেছেন। এর আগে বাকি গাছগুলো কেটেছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুল ইসলাম জানান, গাছগুলো বিদ্যালয়ের। তিনি বিষয়টি মৌখিকভাবে হরিনাকুণ্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন। শিক্ষা কর্মকর্তা তাঁকে এ ব্যাপারে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পরামর্শ দিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বশার বিষয়টি দেখবেন বলে জানান। তিনি বলেন, সরকারি স্কুলের গাছ কেউ কাটলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।