বিদ্যালয়ের গাছ বিক্রির টাকা চেয়ারম্যান ও শিক্ষকের পকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিয়ম লঙ্ঘন করে মাদারীপুরের শিবচর উপজেলার ইলিয়াছ আহম্মেদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের ৬০টি গাছ বিক্রি করে প্রায় দেড় লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। চলতি মাসে গাছগুলো কাটা হয়।বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি চরজানাজাত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলুর রহমান সরকার ও প্রধান শিক্ষক মো. সুলতান মাহাবুব গাছগুলো কেটেছেন। এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে এলাকাবাসী সম্প্রতি জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছে।সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের আঙিনার মধ্যে প্রায় অর্ধশত কাটা গাছের গোড়া পড়ে আছে। কয়েকজন অভিভাবক জানান, যে গাছের ছায়ায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খেলা ও গল্প করেছে, সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের গাছ বিক্রি করতে হলে বন বিভাগকে জানাতে হবে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করবে এবং গাছ বিক্রির টাকা বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে ব্যয় করতে হবে। ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমান বলেন, ‘গাছ বিক্রি করেছি এটা সত্য। তবে সবগুলো বিদ্যালয়ের গাছ না।’প্রধান শিক্ষক সুলতান মাহাবুব বলেন, বিদ্যালয়ের প্রয়োজনেই গাছগুলো বিক্রি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘১৬ অক্টোবর এলাকাবাসীর কাছ থেকে গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়ে জেলা প্রশাসক স্যার এবং আমি সরেজমিনে তদন্তে গিয়েছি। সেখানে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে।’