বিদ্যালয়ের গাছে সভাপতির কুড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার যৌতা অলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি গাছ কেটে ফেলা হয়েছে এবং আটটি গাছ কাটার প্রস্তুতি চলছে। ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী মো. মামুন শ্রমিক নিয়োগ করে গাছগুলো কাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাউফল থানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। গাজী মো. মামুন দাবি করেন, ১৯৯৯ সালে তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির কাছ থেকে ৬৫ হাজার টাকায় বিদ্যালয়ের জায়গা ৬০ বছরের জন্য ইজারা নিয়ে গাছগুলো লাগিয়েছিলেন। এ কারণে এগুলো কাটার উদ্যোগ নেওয়া হয়েছে।গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় চত্বরে লাগানো একটি রেইনট্রি ও একটি চাম্বলগাছ কেটে ফেলা হয়েছে; বাকি সাতটি রেইন্ট্রি ও একটি চাম্বলগাছ কাটার প্রস্তুতি চলছে।স্থানীয় একাধিক কাঠ ব্যবসায়ী জানান, গাছগুলোর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। প্রধান শিক্ষক বলেন, সভাপতি সম্পূর্ণ বেআইনিভাবে জোরপূর্বক বিদ্যালয়ের গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন। ওই প্রধান শিক্ষক এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করলে তিনি আইনের আশ্রয় নেওয়ার নির্দেশ দেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, পরিচালনা কমিটি সরকারি বিদ্যালয়ের জমি ইজারা দিতে পারে না। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রধান শিক্ষককে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।উপজেলা ইউএনও আবুল কালাম আজাদ বলেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। বাউফল থানার ওসি জুলফিকার মো. গাজ্জালী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।