নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশিত বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই পড়ানো হচ্ছে না। এর পরিবর্তে সরকারি নীতিমালা অমান্য করে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত অননুমোদিত বই নির্ধারণ করে দিয়েছে।অভিযোগ উঠেছে, অননুমোদিত এসব বইয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রকাশনী থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ অনৈতিক সুবিধা নিচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একক উদ্যোগে অননুমোদিত এসব বই বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের কিনতে বাধ্য করা হচ্ছে। শিক্ষার্থীদের বেশ কয়েকজন অভিভাবক বলেন, তাঁরা এ ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষকের নির্দেশে বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক প্রতিটি শ্রেণীকক্ষের বোর্ডে অননুমোদিত এসব বইয়ের নাম লিখে দিয়ে যান। পরে বইগুলো তাদের কিনতে বাধ্য করা হয়। বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, বেশির ভাগ শিক্ষক একমত না হলেও প্রধান শিক্ষক লতিফা খাতুন একজন সহকারী শিক্ষককে দিয়ে বিদ্যালয়ের পাঠ পরিকল্পনায় অননুমোদিত এসব বই অন্তর্ভুক্ত করেন। এ ক্ষেত্রে লতিফা খাতুন তাঁর নিজের দায় এড়াতে বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ছয় সদস্যের একটি বই বাছাই ও অন্তর্ভুক্তিকরণ কমিটি গঠন করেন এবং সেখানে শিক্ষকদের স্বাক্ষর দিতে বাধ্য করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির এক সদস্য বলেন, প্রধান শিক্ষকের হুমকির ধমকির কারণে পাঁচজন শিক্ষক বই বাছাই ও অন্তর্ভুক্তিকরণ কমিটির কাগজে স্বাক্ষর দেন। তবে আশফাক হোসেন নামের একজন শিক্ষক তাতে স্বাক্ষর না করায় প্রধান শিক্ষক সম্প্রতি তাঁকে বদলি করান। এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খাতুন বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশিত বইয়ের তালিকা পাওয়ার আগেই তাঁরা স্থানীয় অভিভাবকদের অনুরোধে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি বিষয়ের ব্যাকরণ বইয়ের একটি তালিকা করে তা শিক্ষার্থীদের সরবরাহ করেন। তবে বইগুলো কিনতে তাদের বাধ্য করা হয়নি। এক শিক্ষককে বদলি এবং প্রকাশনী থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।জেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘বিষয়টি আমি জানি না। বোর্ডের নির্দেশিত বইয়ের বাইরে অন্য বই পড়ানো পাঠ্যপুস্তক আইনের লঙ্ঘন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’