বিদ্যালয়ের চাল ভেঙে দুই ছাত্র আহত, পরিত্যক্ত ঘোষণা
ফরিদপুর সদর উপজেলার হারোকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধা পাকা ভবনের চাল ভেঙে পড়ে দুই ছাত্র আহত হয়েছে। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে৷ প্রশাসন গতকালই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে৷
আহত ব্যক্তিরা হচ্ছে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আমিনুল ইসলাম (১০) ও জাহিদ হোসেন (১০)। এদের মধ্যে আমিনুল ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে৷
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করার কথা ছিল গতকাল। সকালে বিদ্যালয়ের আধাপাকা ভবনের চারটি কক্ষে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা ফলাফল শোনার জন্য অপেক্ষা করছিল।
প্রথম শ্রেণির শিক্ষার্থী মো. জাকারিয়া বলে, ‘আমরা শ্রেণিকক্ষে পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছিলাম। দুই ছাত্র বারান্দায় ছিল। হঠাৎ প্রচণ্ড শব্দে স্কুলকক্ষের বারান্দার অংশের পিলার ও টিনের চাল ভেঙে পড়ে।’
সরেজমিনে দেখা গেছে, ওই ভবনের চারটি কক্ষের পাশে একটি বারান্দা রয়েছে। বারান্দার আটটি পিলারের মধ্যে ছয়টি ভেঙে টিনের চাল মাটিতে পড়ে আছে৷
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতারেল ট্রমা সেন্টারের চিকিৎসক শাহীন জোয়ার্দ্দার বলেন, আমিনুলের ডান পা ভেঙে গেছে। তার দীর্ঘস্থায়ী চিকিৎসা প্রয়োজন।
খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মিনা মাসুদউজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকৌশলী আবদুল লতিফের নেতৃত্বে তিনি সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি ভেঙে পড়া ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে এবং বারান্দার বাকি দুটি পিলার ভেঙে ফেলার নির্দেশ দেয়।
প্রধান শিক্ষক রেহানা পরভীন বলেন, ‘দুই বছর আগে আমি ওই ভবনের পিলারে ফাটল দেখতে পাই৷ তিন মাস আগে আমি এ ফাটলের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানাই।
আমাদের বিদ্যালয়ে প্রয়োজনীয়সংখ্যক শ্রেণিকক্ষ নেই। তাই বিপদ হতে পারে জেনেও ওই ভবনের চারটি কক্ষেই পাঠদান করা হচ্ছিল৷’