বিদ্যালয়ের চাল সংস্কার হয়নি এক বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের আধা পাকা ভবনে সব মিলিয়ে চারটি কক্ষ। এর মধ্যে তিনটি শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হতো। গত বছর ঘূর্ণিঝড়ে ভবনের চাল ভেঙে পড়ে। আজ পর্যন্ত ওই চাল সংস্কার করা হয়নি। এতে ওই দুটি কক্ষে শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না। কক্ষের অভাবে অধিকাংশ শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে। এই অবস্থা শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯২৫ সালে শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নে গোপালখিলা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। কয়েক বছর পর এ বিদ্যালয়ের জন্য তিন কক্ষের একটি আধা পাকা ভবন নির্মাণ করা হয়। ২০০১ সালে আরও দুটি কক্ষ নির্মাণ করে ভবনটি সম্প্রসারণ করা হয়। ২০০৯ সালে ঝড়ে বিদ্যালয় ভবনের দুটি কক্ষের টিনের চাল ভেঙে যায়। বিদ্যালয়ের টেবিল, চেয়ার ও বেঞ্চ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ওই ভবনের ঝুঁকিপূর্ণ একটি কক্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে। স্থান সংকুলান না হওয়ায় বিদ্যালয়ের সামনে খোলা আকাশের নিচে এবং অফিস কক্ষের মেঝেতে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শিউলী, চম্পা ও রফিক জানায়, একটি কক্ষে গাদাগাদি করে বসে তাদের ক্লাস করতে হয়। এতে তাদের সমস্যা হচ্ছে। চাল ঠিক না করায় সামান্য বৃষ্টি হলেই তারা ভিজে যায়। এ ছাড়া বিদ্যালয়ে কোনো শৌচাগার ও গভীর নলকূপ নেই। এ কারণেও তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হালিমা খাতুন ও আবদুল হামিদ জানান, বিষয়টি তাঁরা শ্রীবরদীর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন। প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দত্ত বলেন, তিনি গত ২৪ অক্টোবর বিদ্যালয়ে যোগদান করেন। বিদ্যালয় ভবনের চাল ঠিক করার বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন। তিনি আরও জানান, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ভালোভাবে পরিচালনা করার জন্য তাঁদের পাঁচটি কক্ষ প্রয়োজন। কিন্তু তাঁরা এখন মাত্র দুটি কক্ষ ব্যবহার করতে পারছেন। শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জল হোসেন বলেন, প্রায় ছয় মাস আগে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। ওই সময়ই তিনি এটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অনুরোধ করেছেন।