বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেশি
কক্সবাজারের মহেশখালী উপজেলার বিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের ঝরে পড়ার হার দ্বিগুণেরও বেশি। গত তিন বছরে উপজেলার বিদ্যালয়গুলো থেকে ৩৬৬ জন শিক্ষার্থী ঝরে পড়ে। অপরদিকে, একই সময়ে মাদ্রাসার ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা আট শতাধিক।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১৩ সালের জানুয়ারি মাসে মহেশখালীর ১৯টি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী। এসব মাদ্রাসা থেকে গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় (জেডিসি) অংশ নেয় ১ হাজার ১৮৬ জন। ফলে অষ্টম শ্রেণিতেই ঝরে গেল ৮০৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রীর সংখ্যা পাঁচ শতাধিক। অপরদিকে, একই বছর উপজেলার ২২টি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ৩ হাজার ২৯১ জন শিক্ষার্থী। আর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) অংশ নেয় ২ হাজার ৯২৫ জন শিক্ষার্থী। অষ্টম শ্রেণিতে এসে ঝরে পড়ে ৩৬৬ জন শিক্ষার্থী।
মাদ্রাসার শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দারিদ্র্য ও বাল্যবিবাহ এসব শিক্ষার্থীর ঝরে পড়ার অন্যতম কারণ। জন্মসনদে বয়স বাড়িয়ে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগও করেছেন অনেক শিক্ষক।
মাতারবাড়ির মজিদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় গিয়ে দেখা যায়, তিন বছর আগে এই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১২২ জন শিক্ষার্থী। তার মধ্যে জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে ৮৫ জন। কুতুবজোম জামেউস সুন্নাহ দাখিল মাদ্রাসায় এই চিত্র দেখা গেছে। এই মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে এসে ঝরে পড়ে ৩৯ জন শিক্ষার্থী।
মাতারবাড়ি রাজঘাট রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার (তত্ত্বাবধায়ক) মোহাম্মদ ইদ্রিস ফারুকী বলেন, ‘বাল্যবিবাহ না দেওয়ার জন্য ছাত্রীদের অভিভাবককে অফিসে ডেকে অনেকবার বুঝিয়ে ছিলাম। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জন্মনিবন্ধন সনদে বয়স বাড়িয়ে মাদ্রাসার ছাত্রীদের বাল্যবিবাহ দেওয়া হচ্ছে।’
তবে জন্মনিবন্ধন সনদে বয়স বাড়ানোর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আলম। তিনি বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যের সুপারিশের ভিত্তিতে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়। যাচাই-বাছাই ছাড়া জন্মসনদ দেওয়া হয় না।
মাতারবাড়ি ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার আবদুল মাজেদ বলেন, জন্মসনদ অনলাইনে যাচাই-বাছাই করে বর ও কনের কাবিননামা তৈরি করা হয়। জন্মনিবন্ধন সনদ ছাড়া বিয়ে নিবন্ধনের কোনো নিয়ম নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘তিন বছরে মাদ্রাসায় ঝরে পড়া ৫০০ কন্যাশিশুর মধ্যে অন্তত ২০০ জন বাল্যবিবাহের শিকার হয়েছে বলে আমরা জেনেছি। এ ক্ষেত্রে অভিভাবকেরা সচেতন না হলে মাদ্রাসা থেকে ঝরে পড়া বন্ধ করা সম্ভব হবে না।’