বিদ্যালয়ের জন্য আবেদন অন্যদের নামে বন্দোবস্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্থায়ী বন্দোবস্ত (ডিসিআর) দিয়ে বরগুনার বামনা উপজেলার ঐতিহ্যবাহী হলতা ডৌয়াতলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়টি ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। বিদ্যালয়ের পাশের জমি আগেই বন্দোবস্তের জন্য আবেদন করে বিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হলেও সেই জমি সম্প্রতি স্থানীয় কয়েকজন প্রভাবশালীর নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে। এর মধ্যে প্রভাবশালীরা সেখানে ঘর তোলার জন্য মালামাল স্তূপ করেছেন। এ বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে গত বুধবার জেলা প্রশাসকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অবৈধভাবে বিদ্যালয়ের আওতাভুক্ত জমি অন্যদের নামে বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে ও তা বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক খান জানান, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে ৬০০ ছাত্রছাত্রী লেখাপড়া করছে। বিদ্যালয় ভবনটি সাফকবলা জমিতে প্রতিষ্ঠা করা হলেও পাশে ছাত্রাবাস, ছাত্রীনিবাস, শিক্ষকনিবাস, দুটি পাকা শৌচাগার ও দুটি গভীর নলকূপ স্থাপন করা হয় খাসজমিতে। সেই জমি স্থায়ী বন্দোবস্তের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে ২০০০ সালে আবেদন করা হয়। সব প্রক্রিয়া শেষে ২০০১ সালের মার্চে আবেদনটি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন খান অভিযোগ করেন, তাঁদের আবেদনটি প্রক্রিয়াধীন থাকলেও স্থানীয় তহশিলদার সুভাষ চন্দ্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লাল হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোজাম্মেল হোসেন উৎকোচের বিনিময়ে বিদায়ী জেলা প্রশাসক স্বপন কুমার সরকারকে ভুল বুঝিয়ে খাসজমির সঙ্গে বিদ্যালয়ের আওতাভুক্ত জমি অন্যদের নামে অস্থায়ী বন্দোবস্ত দেন। যাঁদের ডিসিআর দেওয়া হয়েছে তাঁরা নিয়মানুযায়ী পাওয়ার যোগ্য নন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোজাম্মেল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী ডিসিআর দেওয়া হয়েছে। বর্তমান জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, তিনি নিজে বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেবেন।