বিদ্যালয়ের জমি দখল ও প্রতারণার অভিযোগ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোনাবাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি প্রতারণার মাধ্যমে দখলের অভিযোগ পাওয়া গেছে। জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল কাদেরের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও জমিদাতা এ ব্যাপারে স্থানীয় সাংসদ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে গতকাল শনিবার লিখিত অভিযোগ করেছেন। সোনাবাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ফরিদ আহমেদের লিখিত অভিযোগে বলা হয়, ১৯৭৫ সালে স্বল্প জায়গায় বিদ্যালয়টি নির্মিত হয়। স্থানীয় নিরক্ষর ব্যক্তি ভজন সরকার ১৯৯৬ সালে ওই বিদ্যালয়কে ৪৯ শতাংশ জমি দান করেন। কর্তৃপক্ষ তাঁকে দাতা সদস্য করবে বলে আশ্বাস দিয়েছিল। তৎকালীন ইউপি চেয়ারম্যান আবদুল কাদের প্রতারণার মাধ্যমে পুরো জমিটি নিজের নামেই নিবন্ধন করে নেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজনের চাপে তিনি ২০০০ সালের ২৩ জুলাই ২৬ শতাংশ জমি বিদ্যালয়ের নামে লিখে দেন। অবশিষ্ট জমি বিদ্যালয়ের দখলে থাকে। আবদুল কাদেরের লোকজন গত ১৪ এপ্রিল অবশিষ্ট ২৩ শতাংশ জমিতে দেয়াল নির্মাণ করে। এতে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশের রাস্তা না রেখে সীমানা আটকে দেওয়া হয়। জমিদাতা ভজন সরকার অভিযোগ করেন, তাঁর নিরক্ষরতার সুযোগ নিয়ে আবদুল কাদের প্রতারণা করেন। অভিযোগ অস্বীকার করে আবদুল কাদের বলেন, তিনি ভজনের কাছ থেকে জমি কিনে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।ইউএনও দেওয়ান মাহবুবুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে জমিটি উদ্ধারের ব্যবস্থা করা হবে।