বিদ্যালয়ের জমি দখল করে মার্কেট নির্মাণ
রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।বিদ্যালয় সূত্রে জানা গেছে, এটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠা করা হয়। তখন তিনটি দাগে ৪৪ শতাংশ জমি বিদ্যালয়ের নামে খারিজ করা হয়। বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৭ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক আছেন। কয়েক মাস আগে বিদ্যালয়ের মাঠের দক্ষিণ ও পূর্ব পাশে ব্যবস্থাপনা কমিটির সভাপতির নেতৃত্বে ১৯টি দোকানঘর নির্মাণ করা হয়।বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, রমজান মাসে ছুুটি চলাকালীন বিদ্যালয়ের জমি দখল করে ১৯টি দোকানঘর নির্মাণ করা হয়। এ ব্যাপারে তাঁদের কিছুই জানানো হয়নি এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়নি।গত সোমবার সরেজমিনে দেখা যায়, একটি দোকানঘরও ভাঙা হয়নি। শিক্ষকদের সঙ্গে কথা বলতে গেলে ভয়ে তাঁরা কেউ নিজের নাম বলতে চাননি। এদিকে সাংবাদিক যাওয়ার খোঁজ পেয়ে মুহূর্তের মধ্যে দুই পক্ষের ২০-২৫ জন লোক সেখানে এসে হাজির হন। তাঁরা এই প্রতিবেদকের কাছে জানতে চান, দোকানঘরের পক্ষে লিখবেন না বিপক্ষে লিখবেন। পরে সেখান থেকে কৌশলে চলে আসতে হয়।ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, বিদ্যালয়ের ওই জমি অন্য লোকজন দখলে রেখেছিল। তাঁর নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির লোকজন মিলেমিশে ওই জমি উদ্ধার করে দোকানঘর তৈরি করেছেন। তিনি দাবি করেন, বিদ্যালয়ের রেজ্যুলেশন বই তাঁর কাছে রয়েছে এবং দোকানঘর তৈরির সিদ্ধান্ত কমিটিতে অনুমোদন করা রয়েছে।স্থানীয় ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম বলেন, অক্টোবর মাসে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় এই স্থাপনাগুলো ভেঙে ফেলার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নোটিশও দেওয়া হয়েছিল। কিন্তু পরে ইউএনও ভাঙার সিদ্ধান্ত স্থগিত করেন।ইউএনও এ কে এম তারেক বলেন, অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হয়েছে। তাঁরা এগুলো ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু একটি পক্ষের তদবিরের কারণে তাঁকে ভাঙার সিদ্ধান্ত স্থগিত রাখতে হয়েছে। এখন তাঁরা একটি উচ্ছেদ মামলা তৈরি করে জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রয়োজন হলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে দোকানগুলো ভেঙে ফেলা হবে।