বিদ্যালয়ের জমি দখল করে মার্কেট নির্মাণের চেষ্টা
গাজীপুর সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে মার্কেট নির্মাণের চেষ্টা করছেন বাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান খান। মার্কেট নির্মাণের জন্য গতকাল সোমবার সকালে ৩০টি সরকারি মেহগনিগাছ কেটে ফেলেন তিনি।
এ ঘটনায় গতকাল দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) পাঁচ সদস্যের সরকারি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনে যায়। এ সময় হাবিবুর রহমান তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং প্রধান শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বাড়িয়া এলাকার কুমুন সরাফত খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে সীমানাপ্রাচীর ভেঙে ও সরকারি গাছ কেটে মার্কেট নির্মাণের প্রস্তুতি নেন হাবিবুর রহমান। এ জন্য সেখানে ইট-বালু মজুত করেন। বিদ্যালয়ের সামনে সরকারি রাস্তা ও রাস্তার পাশে বড় বড় মেহগনিগাছ রয়েছে। হাবিবুর রহমান গতকাল তাঁর লোকজন দিয়ে ৩০টি গাছ কেটে ফেলেন।
বিদ্যালয়ের জমি দখলের ব্যাপারে প্রধান শিক্ষক ওমর আলী সরকার গত রোববার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুর ১২টার দিকে সদরের ইউএনও ফৌজিয়া রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার সরকার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল তদন্তে যায়। এ সময় হাবিবুর রহমান সরকারি কর্মকর্তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তাঁদের সামনে প্রধান শিক্ষককে দেখে নেওয়ার এবং বিদ্যালয়ে না আসতে হুমকি দেন। ঘটনাস্থল তদন্ত শেষে গতকাল বিকেলেই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন ইউএনও।
প্রধান শিক্ষক ওমর আলী সরকার বলেন, ‘হাবিবুর রহমানকে একাধিকবার মার্কেট নির্মাণের সিদ্ধান্ত বন্ধ করতে বলা হলেও তিনি শোনেননি। পরে বাধ্য হয়ে জেলা ও উপজেলা প্রশাসনকে বিষয়টি জানাই।’
সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, চেয়ারম্যান তাঁর বাহিনী নিয়ে বিদ্যালয়ের জমি দখল করে মার্কেট নির্মাণ করতে ইতিমধ্যে ৩০ মেহগনিগাছ কেটে ফেলেছেন।
ইউএনও ফৌজিয়া রহমান বলেন, ‘হাবিবুর রহমান সরকারি বিদ্যালয়ের জমি দখল, রাস্তার পাশে সরকারি গাছ কাটা, মার্কেট নির্মাণের জন্য সরকারি জমিতে ইট-বালু ফেলে রেখেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তবে হাবিবুর রহমান খান বলেন, ‘আমার দাদার দেওয়া জমিতে তাঁর নামে স্কুলটি হয়েছে। আমি একজন জনপ্রতিনিধি। তাই এলাকার জনগণের স্বার্থে মার্কেটটি নির্মাণ করা হচ্ছে।’