বিদ্যালয়ের জমি দখলমুক্ত করল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার মুড়লী এলাকার দানবীর হাজী মুহম্মদ মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখলমুক্ত করা হয়েছে। গতকাল রোববার স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এবং স্থানীয় লোকজন পুলিশের উপস্থিতিতে জমি দখলমুক্ত করে।গত মে মাসের প্রথম দিকে স্থানীয় বাসিন্দা আবুল খায়ের, আবদুল মালেক ও আবু তাহের বিদ্যালয়ের ৫৮ শতাংশ জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে বসতবাড়ি ও দোকানঘর গড়ে তোলেন।অবৈধ দখলদার উচ্ছেদের আবেদন জানিয়ে গত ১৫ মে বিদ্যালয়ের পক্ষ থেকে তৎ কালীন জেলা প্রশাসক মো. নূরুল আমিনের বরাবরে একটি চিঠি পাঠানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, তৎ কালীন জেলা প্রশাসক মহিউদ্দীন খান আলমগীর ১৯৭৯ সালের ৫ সেপ্টেম্বর ২ দশমিক ৬২ একর জমি অধিগ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। তখন থেকে সেই জমি বিদ্যালয়ের দখলে রয়েছে। কিন্তু গত ১১ ও ১৩ মে আবুল খায়ের অধিগ্রহণ করা এসএ ৩৯ নম্বর খতিয়ানের ১৪৬ দাগের জমি দখল করে নেয়।গতকাল সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম ফারুক, প্রধান শিক্ষক নাজমুল হাসান, স্কুলের অন্যান্য শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকদের উপস্থিতিতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন লাঠিসোঁটা ও হাতুড়ি নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে। পরে তারা ঘরের ভাঙা বেড়া, কাঠ ও বাঁশ জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় দখলদারেরা দোকানের আসবাব ও মালামাল সরিয়ে নেন।দখলদার আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘যতবার ভেঙে দেওয়া হবে, ততবার দখল করা হবে। এরপর কেউ ভাঙতে এলে এখানে মার্ডার হবে।’ তিনি বলেন, পুলিশের উপস্থিতিতে লোকজন দোকানপাট ভেঙে লুটপাট চালিয়েছে।অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘স্কুলের ওই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। তাই সংঘাত এড়ানোর জন্য আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।’দখলদার আবদুল মালেক বলেন, ‘৩৭ বছর ধরে স্কুল কর্তৃপক্ষ আমাদের ওই জমি দখল করে রেখেছিল। মাস তিনেক আগে আমরা ওই জমি দখলে নিই।’ তিনি আরও বলেন, মালিকানা দাবি করে তাঁরা আদালতে মামলা করেছেন। মামলাটি বিচারাধীন রয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, জোর করে স্কুলের জমি দখল করে নেওয়া হয়েছিল। স্থানীয় লোকজন সেই জমি দখলমুক্ত করেছে।