বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধারে গতকাল বিরল উপজেলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন l প্রথম আলো
বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধারে গতকাল বিরল উপজেলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন l প্রথম আলো

দিনাজপুরের বিরল উপজেলার নাড়াবাড়ী ফতেহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলমুক্ত করার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনের রাস্তায় এই মানববন্ধন করে তারা।

মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ও প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বক্তব্য দেন। বক্তারা বিদ্যালয়ের বেদখল হওয়া ৫০ শতক জমি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রথম আলোকে বলেন, ১৯৪৮ সালে বিরল উপজেলার নাড়াবাড়ী ফতেহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১ একর ৩৯ শতক জমির ওপর প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি এলাকার নূর ইসলাম ও মিজানুর রহমান ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেছেন। মামলাটি চলমান আছে। কিন্তু মামলার রায় না হতেই ওই দুই ব্যক্তি তাঁদের মাস্তান বাহিনী দিয়ে বিদ্যালয়ের প্রায় ৫০ শতক জমি দখল করে সেখানে দোকানঘর নির্মাণ শুরু করেছেন। অবশিষ্ট জমিও দখলের চেষ্টা চালাচ্ছেন। মানববন্ধনকারীরা বিদ্যালয়ের জমি দখলমুক্ত করার পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তির দাবি করেছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে জমির মালিকানা দাবিকারী নূর ইসলাম সাংবাদিকদের বলেন, যে জমিতে বিদ্যালয়টি করা হয়েছে, সেটি পৈতৃক। তাঁদের নামে খাজনা-খারিজ রয়েছে। এখানে বিদ্যালয়ের কোনো জায়গা নেই বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সংশ্লিষ্ট শহরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান মুরাদ বলেন, এর আগে সমস্যাটি সমাধানে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু জমির মালিকানা দাবি করা ব্যক্তিরা মীমাংসা মানেননি। স্থানীয় থানায় বিষয়টি জানানো হয়েছে বলে চেয়ারম্যান বলেন।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) এ বি এম রওশন কবীর বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। বিচারাধীন অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখল করা ঠিক হয়নি। দখলদারিত্ব বন্ধে আদালতকে অবহিত করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।