মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণের দায়ে ইটভাটার মালিক স্থানীয় আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলামকে গতকাল মঙ্গলবার সাত লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গ্রেপ্তার করা হয়েছে ইটভাটার অপর মালিক শাহীন মিয়াকে। একই সঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়ে আগামী সাত দিনের মধ্যে স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও শাহীন মিয়া ইটভাটা করার জন্য দ্বিতীয় ধলেশ্বরী সেতুসংলগ্ন সাত একর জমিতে ইটভাটা তৈরি করছেন। এর মধ্যে ৪ দশমিক ২০ একর জমি কুচিয়ামোড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের। ওই জমি নেওয়ার জন্য ইটভাটার মালিকদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের চুক্তি হয়। এ জন্য ইটভাটার মালিক বিদ্যালয়ের তহবিলে ৩০ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া প্রতিবছর পাঁচ লাখ টাকা করে ভাড়া দেওয়া হবে।পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে জানা যায়, বিদ্যালয়ের ৪ দশমিক ২০ শতাংশ জমির মধ্যে আড়াই একর জমি অর্পিত সম্পত্তি। অর্পিত সম্পত্তিও বিদ্যালয় কর্তৃপক্ষ ইটভাটার মালিকের কাছে ভাড়া দিয়েছে, যা অন্যায় ও অবৈধ। এ ছাড়া ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেয়নি।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চাদ মুনীর চৌধুরী গতকাল ইটভাটার মালিকপক্ষকে ঢাকার পরিবেশ অধিদপ্তরে তলব করে সব কাগজপত্র জব্দ করেছেন। এ সময় গ্রেপ্তার করা হয় মালিক শাহীন মিয়াকে। একই সঙ্গে সাত লাখ টাকা জরিমানা করে ইটভাটার স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে ইটভাটার মালিক আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘আমি তো স্কুলের জমি ভাড়া নিয়েছি। এই জন্য স্কুলকে অগ্রিম ৩০ লাখ টাকা দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে স্কুল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে চুক্তি করেছে।’কুচিয়ামোড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবল নাগ প্রথম আলোকে বলেন, ‘আমি মাত্র ১৫ দিন আগে এখানে যোগ দিয়েছি। আমার সময়ে জমি ভাড়া দেওয়া হয়নি। আমার আগের প্রধান শিক্ষক বলতে পারবেন।’জানতে চাইলে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান বলেন, ‘এমন একটি বিষয় নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ আমার কাছে এসেছিল। আমি তখন কী সিদ্ধান্ত দিয়েছিলাম, সেটা ফাইল দেখে বলতে হবে।’পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী প্রথম আলোকে জানান, ‘অর্পিত সম্পত্তি বিদ্যালয় কর্তৃপক্ষ অন্যের কাছে ভাড়া দিতে পারে না। এ জন্য জেলা প্রশাসনের অনুমতি প্রয়োজন। তা ছাড়া ইটভাটা তৈরির জন্য মালিকপক্ষ পরিবেশ ছাড়পত্রও নেয়নি। ওই ইটভাটা উচ্ছেদ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।’